সাভার, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের মজিদপুর এলাকায় মঙ্গলবার দুপুরে তিন 'মাদক ব্যবসায়ী'কে গ্রেপ্তার করেছে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার, সাতটি তাজা ককটেল, ২০০ পুড়িয়া হেরোইন ও দেড় হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হয়েছেন শরিফুল ইসলাম শরিফ (২৬), মাসুদুর রহমান (২৪) ও রুবেল (২৭)।
র্যাব-১'র সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদক ব্যবসায়ী মুন্নার আস্তানা মজিদপুরের একটি বাড়ি থেকে এ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মুন্নার ম্যানেজার রুবেলের দেহ তল্লাশি করে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
স্কচটেপ মোড়া হাতে তৈরি সাতটি তাজা ককটেল এবং হেরোইনও ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়।
আটক তিনজনকে ব্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাভার থানার ওসি মো. নাসিরুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুন্না ওই এলাকায় 'মাদক সম্রাট' হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সাভার থানায় ৫০টিরও বেশি মাদকের মামলা রয়েছে বলে তিনি জানান।
ওই বাড়ি থেকে গত ১ মার্চ র্যাব-৪ এর সদস্যরা আটটি তাজা বোমা ও একটি শুটারগানসহ জুলি বেগম (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৪৬ ঘ.
bdnews24