ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনার অভিযোগে বিটিআরসির মামলায় জামিন নিয়েছেন র্যাংকসটেলের চেয়ারম্যান এ রউফ চৌধুরী।
বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মোহাম্মদ আব্দুল হালিমের হাইকোর্ট বেঞ্চ তাকে আগাম অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।
তার সঙ্গে জামিন পেয়েছেন ওই মামলার আরো আট আসামি। তারা হলেন- র্যাংকসটেলের পরিচালক আমানুল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন, আশরাফ উদ্দিন, ফজলে সেলিম, জাকিয়া রউফ চৌধুরী, ঝুমু রউফ চৌধুরী, সুয়ানা রউফ চৌধুরী এবং চিফ অপারেটিং কর্মকর্তা একেএম সামসুদ্দীন।
আদালতে তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক ও অ্যাডভোকেট আনিসুল হক।
মামলার অন্য তিন আসামি র্যাংকসটেলের মহাব্যবস্থাপক (প্রকৌশল) শেখ কামরুজ্জামান, উপমহাব্যবস্থাপক (বিক্রয়) করিম ইকবাল ভূইয়া ও উপমহাব্যবস্থাপক (প্রকৌশল) মোমিনূর রহমান চৌধুরী গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।
গত বৃহস্পতিবার রাতভর তেজগাঁও শিল্প এলাকায় নভো টাওয়ারে র্যাংকসটেলের কার্যালয়ে অভিযান চালায় বিটিআরসি ও র্যাব। ওই ভবন থেকে ভিওআইপি সরঞ্জাম গ্রেপ্তার জব্দ করা হয়েছে জানিয়ে পরদিন তেজগাঁও থানায় ১২ জনকে আসামি করে মামলা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪০ ঘ.
bdnews24