২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে অপহরণকারীদের হাতে ৫৩ বাংলাদেশি

অপহরণকারীদের হাতে পাকিস্তানে ৫৩ বাংলাদেশি আটকে আছেন বলে রোববার জানিয়েছেন চক্রের হাত থেকে ফিরে আসা আমিনুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 05:02 PM

Updated : 24 Aug 2022, 07:43 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণকারীদের হাতে পাকিস্তানে ৫৩ বাংলাদেশি আটকে আছেন বলে রোববার জানিয়েছেন চক্রের হাত থেকে ফিরে আসা আমিনুল। পরিবারের অভিযোগের পর মহানগর গোয়েন্দা পুলিশ অপহরণকারীদের এদেশীয় ছয় সহযোগীকে গ্রেপ্তার করে। তাদের মাধ্যমে পাকিস্তানে অপরাধীদের চাপ দিয়ে শনিবার বিকালে আমিনুলকে মুক্ত করে আনা হয়। গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে রোববার সাংবাদিকদের আমিনুল জানান, চক্রের বাংলাদেশি সহযোগীরা তাকেসহ ছয়জনকে ইরান সীমান্ত পার করে ছয় মাস পাকিস্তানে আটকে রেখে পরিবারের কাছ থেকে প্রায় চারলাখ টাকা মুক্তিপণ আদায় করে। ৩০ বছর বয়সি আমিনুলের বাড়ি রাজশাহীর তানোরে। দালালের সহায়তায় দুবাই থেকে ইতালি যাওয়ার পথে অপহৃত হন তিনি। যেভাবে অপহৃত মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মাইনুল হাসান ডিবি কার্যালয়ে রোববার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, "এরা সংঘবদ্ধ চক্র। নিরীহ শ্রমিকদের প্রতারণার ফাঁদে ফেলে এরা আটক করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে।" ডিবি কার্যালয়ে আমিনুল জানান, দুবাইয়ে কাঠমিস্ত্রির কাজ করার সময় বাবুল নামের একজন বাংলাদেশি তাকে ইউরোপে আরো ভালো চাকরির লোভ দেখান। তার কথা অনুযায়ী দুবাই সীমান্ত পার হয়ে ইরানে প্রবেশ করে। সেখানে ইরানী পুলিশ পরিচয়ে দুজন তাকে গ্রেফতার করে জানিয়ে আমিনুল বলেন, "পরে তাদের হাত থেকে বাবুল ও কবীর আমাকে উদ্ধার করেন। কবীর দাবি করেন, ইরানী পুলিশের কাছ থেকে আমাকে তারা কিনে নিয়েছেন। তাদের সঙ্গে আরো ছিল তুরস্কে অবস্থানকারী রব, সবুজ।" এরপর এই চক্রটি আমিনুলকে ইরান সীমান্ত পার করে পাকিস্তানে নিয়ে যায়। সেখানকার একটি বাড়িতে মুক্তিপণের দাবিতে তাকে ছয়মাস আটকে রাখে। সেখানে আরো ৫৩ বাংলাদেশি আটক রয়েছেন এবং তাদের কাছ থেকেও এভাবে মুক্তিপণ আদায় করা হচ্ছে বলে জানান আমিনুল। যেভাবে গ্রেপ্তার ডিবির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, "আমিনুলের পরিবার কয়েক দফায় এসআলম পরিবহন, পূবালী ব্যাংকের ও ইসলামী ব্যাংকের দুটি হিসাবে তিন লাখ ৭৯ হাজার পাঁচশ টাকা জমা দেয়।" তিনি জানান, এরপরও আমিনুল মুক্তি না পাওয়ায় তারা পুলিশকে বিষয়টি জানায়। পূবালী ব্যাংক হিসাবের সূত্র ধরেই প্রথমে অপহরণকারীদের এদেশীয় সহযোগি কামালকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। এরপর রবের মা মরিয়ম বেগম (৫০), ইউনুস মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়। এরাই বিভিন্ন হিসাবের মাধ্যমে অপহরণের টাকা নেয়। অপহরণে জড়িত থাকার অভিযোগে লিপু মোল্লা (২২), মো. শাহীন (২৭), ও আবদুল মান্নান (৪০) নামে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে মুক্তিপণ হিসাবে দেয়া দুই লাখ ৯৫ হাজার টাকাও উদ্ধার করা হয়। পুলিশ এদের চাপ দিলে অপহরণকারীরা আমিনুলকে মুক্তি দেয়। শনিবার বিকালে পিআইএ এর একটি ফ্লাইটে পাকিস্তান থেকে আমিনুল দেশে ফিরে আসেন। ডিবির সহকারি কমিশনার মো. মারুফাত হুসাইন (মারুফ) জানান, এই অপহরণকারীদের সদস্যরা ইতালি, ওমান, পাকিস্তান ও দুবাইয়ে ছড়িয়ে রয়েছে। চক্রটির কয়েকজন সদস্যের বাড়ি মাদারীপুরের শিবচরে। এরা প্রবাসী বাংলাদেশিদের নানারকম ফাঁদে ফেলে পরিবারের কাছ টাকা আদায় করে। এদের সঙ্গে পাকিস্তানিদের একটি চক্রও জড়িত। মাইনুল হাসান জানান, বিদেশে অবস্থানরত এসব অপরাধী গ্রেফতারে ইন্টারপোলে নোটিশ পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২২৪২ ঘ.