ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের জেলাভিত্তিক ওয়েবসাইট 'জেলা তথ্য বাতায়ন' হ্যাকারদের কবলে পড়েছে।
৬৪টি জেলার ওয়েব পোর্টালের মধ্যে খুলনা, রংপুর, ফেনী, কক্সবাজার, দিনাজপুরসহ ১৯টি জেলার ওয়েবসাইট হ্যাক করে ভারতের হ্যাকারা।
শনিবার সকালে এ জেলাগুলোর ওয়েব পোর্টাল খুললে প্রচ্ছদ পাতায় হ্যাকারদের একটি বার্তা দেখা যায়।
তাতে বলা হয়- "ভারত ও বাংলাদেশের সীমান্ত নিরাপদ কর। যদি পাকিস্তান থেকে কোনো সন্ত্রাসী বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে, তাহলে সাইবার যুদ্ধের মাধ্যমে তোমাদের বিপদ হয়ে আসবো। আমরা ভারতে আরেকটি ২৬/১১ (মুম্বাই হামলা) চাই না।
"বাংলাদেশের সরকার এদিকে দৃষ্টি না দিলে সাইবার যুদ্ধ শুরু হবে.....তোমাদের ইন্টারনেট সেবাদাতাদের আমরা ধ্বংস করবো।"
'ইএমআইএল ইন্ডিয়ান হ্যাকার' নামের একটি সংগঠন ওয়েব পোর্টাল হ্যাকের দাবি করেছে।
হ্যাক হওয়া একটি ওয়েব পোর্টালে প্রকাশিত পোস্টারে লেখা রয়েছে, "২৮ ভিন্ন রাজ্য, ২৮ ভিন্ন ভাষা, কিন্তু এক কথা- 'জয় হিন্দ'।
গত ৬ জানুয়ারি বর্তমান সরকারের এক বছর পূর্তিতে প্রধানমন্ত্রী ৬৪ জেলার ওয়েব পোর্টাল উদ্বোধন করেন। প্রতিটি ওয়েব পোর্টালে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন তথ্য সন্নিবেশিত রয়েছে। 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার অংশ হিসেবে প্রতিটি উপজেলার আলাদা ওয়েব পোর্টাল গড়ার পরিকল্পনাও সরকারের রয়েছে।
তবে এ ঘটনা সরকারের সাইবার নিরাপত্তার নাজুক অবস্থাকেই প্রকাশ করলো। এর আগে গত বছর র্যাবের ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশি এক তরুণ।
এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক এম কায়কোবাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা সরকারের মনোযোগহীনতার বিষয়টি তুলে ধরলো।
"এ সব ক্ষেত্রে সরকারকে আরো সতর্ক থাকতে হবে", বলেন তিনি।
দিনাজপুরের জেলা প্রশাসক এমএ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এ সংক্রান্ত খবর প্রকাশ হওয়ার পরপরই বিষয়টি তাদের নজরে আসে। তাৎক্ষণিকভাবে তারা সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু করেন।
বিকাল ৪টার দিকে হ্যাক হওয়া ওয়েব পোর্টালগুলো আগের রূপে ফিরে আসে।
এ বিষয়ে শনিবার দুপুরে যোগাযোগ করা হলে র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা এ বিষয়ে কোনো তথ্য পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কিউএইচ/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24