ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর খিলগাঁও এলাকায় বৃহস্পতিবার রাতে এক কিশোরী (১৫) গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
খিলগাও থানার পশ্চিম নন্দীপাড়ার বড় বটতলায় মুকুল সাহেবের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। মেয়েটি এখানে একটি বাসায় থাকেন।
শুক্রবার ধর্ষিতা খিলগাঁও থানায় ১০ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে।
বাদী তার অভিযোগে বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় কয়েকজন সন্ত্রসী তাদের বাসায় গিয়ে ঘর ছেড়ে চলে যেতে বলে এবং তাকে চড়-থাপ্পড় মারে। এ সময় তারা দু'বোন ভয়ে বাড়ির কেয়ারটেকারের ঘরে গিয়ে বসে থাকেন।
রাত ১১টার দিকে তারা আবার এসে বাড়ির কেয়ারটেকার ও প্রতিবেশীদের হুমকি দিয়ে নিজ নিজ ঘরে থাকতে বলে।
এরপর কেয়ারটেকারের ঘর থেকে তাকে তাদের ঘরে নিয়ে ১০ জনে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় প্রতিবেশীরা কেউ ভয়ে ঘর থেকে বের হয়নি।
বাড়ির কেয়ারটেকার হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৮/১০ জন লোক আমার সামনে থেকে মেয়েটিকে তাদের ঘরে নিয়ে ঘরের বাতি নিভিয়ে দেয়।"
ভোর রাতের দিকে তারা চলে যায় বলেও তিনি জানান।
খিলগাঁও থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, মেয়েটি শুক্রবার দুপুরে এসে অভিযোগ করলে তার বর্ণনা অনুযায়ী মো. জামাল বাদশা ও তার এক বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে জামাল বাদশাকে মেয়েটি সনাক্ত করেছে। বাকিদেরও রাতের মধ্যে গ্রেপ্তার করার আশা করছে পুলিশ।
রাতে মেয়েটি বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন বলেও পুলিশ কর্মকর্তা জানান।
১০ আসামির আরো দু'জন হলেন সোহেল ও আজিজ। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে পুলিশ জানায়নি।
বিডিনিউজ টোয়েঢন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/০১০০ ঘ.
bdnews24