মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে উল্লুকের সংখ্যা ২০ বছরে ৩ হাজার থেকে কমে ৩০০টিতে দাঁড়িয়েছে। বন উজাড় আর খাদ্যাভাবের কারণে এ উল্লুকগুলোর টিকে থাকা নিয়েও সংশয় প্রকাশ করেছেন বণ্যপ্রাণী বিশেষজ্ঞরা।
সারাবিশ্বেই উল্লুক একটি বিপন্নপ্রায় প্রজাতি হিসেবে স্বীকৃত। বাংলাদেশে এ প্রাণীটি এখন অতি বিপন্নের তালিকায়।
আকার, আকৃতি ও আচরণের কারণে গরিলা, শিম্পাঞ্জির মতো দেখতে লেজহীন প্রাণী উল্লুক। আবাসস্থল ক্রমশ বিনষ্টের কারণে দেশে বানরের মতো ১০ প্রজাতির মধ্যে ৮টিই কোনো না কোনোভাবে হুমকির সম্মুখীন। এদের মধ্যে সবচেয়ে বিপন্ন উল্লুক।
সরকারি ও বেসরকারি পর্যায়ে দেশে উল্লুকের সঠিক সংখ্যা নিয়ে কোনো জরিপ না হলেও এদের সংখ্যা বর্তমানে দুইশ থেকে তিনশ' বলে দাবি করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী ট্রাস্টের (ডব্লিউটিবি) নির্বাহী চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২০ বছরে বাংলাদেশের উল্লুকের সংখ্যা ৩ হাজার থেকে কমে তিনশ'তে নেমে এসেছে।
"বন উজাড়ে আশ্রয় আর খাদ্যাভাবেই এদের সংখ্যা কমেছে, হাতেগোনা বাকি উল্লুকগুলো যে কোনো সময় বিলুপ্ত হয়ে যেতে পারে", আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বন অধিদপ্তরের বন সংরক্ষক (বন্যপ্রাণী ও সংরক্ষণ অঞ্চল) তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশে উল্লুকের সংখ্যা প্রায় দুইশ' থেকে আড়াইশ' হবে।
তিনি বলেন, "খাদ্য ও আশ্রয়ের জন্য উল্লুক সম্পূর্ণভাবে বৃক্ষের উপর নির্ভরশীল। উল্লুক যে বনভূমিতে বাস করে তার কোনো অংশ বৃক্ষহীন হয়ে পড়লেই এদের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হয়।"
বাংলাদেশেরর উত্তর-পূর্ব (বৃহত্তর সিলেট) ও দক্ষিণ-পূর্ব (চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রাম) এলাকার বন ছাড়াও ভারত (উত্তর-পূর্বাংশ), মিয়ানমার (পশ্চিমাংশ) এবং চীনে উল্লুক দেখা যায়।
বন অধিদপ্তর ও ডব্লিউটিবি'র তথ্যানুযায়ী, বাংলাদেশে লাউয়াছড়া জাতীয় উদ্যান উল্লুকের অন্যতম আবাস।
এছাড়া সিলেটের বড়লেখা, লাঠিটিলা, সাগরনাল, গাজীপুর টি স্টেট, চাউতলি, আদমপুর, হরিণছড়া, রেমা-কালেঙ্গা অভয়ারণ্য, সাতছড়ি জাতীয় উদ্যান, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দিঘিনালা, বাঘাইছড়ি (সাজেক, শিজক), পাবলাখালী অভয়ারণ্য, করেরখাট, হাজারিখিল অভয়ারণ্য, বাইশারি, ব্যাঙডোবা, কর্ণফুলী, রামপাহাড় (কাপ্তাই জাতীয় উদ্যান), রামু, থানচি, সাতঘর, ফাসিয়াখালী, দোপাছড়ি, সাঙ্গু, আলিকদম, রাজঘাট, ভোমারিয়াঘোনা, হিমছড়ি জাতীয় উদ্যান, ইনানি, উখিয়া (থানখালি), টেকনাফ ও আপার রিজু এলাকায় উল্লুক দেখা যায়।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, দেশের বেশিরভাগ অঞ্চলেই দীর্ঘদিন টিকে থাকার মতো যথেষ্ট সংখ্যায় উল্লুক নেই। এদের প্রায় সবগুলোই খণ্ড খণ্ড বনাঞ্চলে ছোট ছোট দলে বসবাস করছে।
অধ্যাপক আনোয়ারুল জানান, বাংলাদেশে বড় অংশে টিকে থাকা উল্লুকের মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রায় অর্ধশত এবং কাপ্তাই জাতীয় উদ্যানে ৮০-৯০টি উল্লুক রয়েছে।
গত শুক্রবার মৌলভীবাজারের লাউয়াছড়ার বনাঞ্চলে আগুনের কথা তুলে ধরে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আবাসস্থল ধ্বংস ও খাদ্যাভাবে প্রায় সব রকম বন্যপ্রাণীর জীবন এখন হুমকির মুখে। বনাঞ্চল রক্ষায় সব ধরনের অপতৎপরতা বন্ধ করতে হবে।"
তেল-গ্যাস অনুসন্ধানের নামে বনাঞ্চলে ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ কাজ করারও বিরোধিতা করেন তিনি।
ডব্লিউটিবি নির্বাহী চেয়ারম্যান বলেন, "উল্লুকের আবাসভূমি রক্ষায় জাতীয় উল্লুক সংরক্ষণ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন জরুরি। তাছাড়া সংরক্ষিত এলাকায় বন্যপ্রাণী ধরা, মারা, শিকার করা বা শিকারের চেষ্টা করাও দণ্ডনীয় অপরাধ।"
এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান এই বন্যপ্রাণীবিদ।
উল্লুকসহ বন্যপ্রাণী রক্ষায় সরকারের তৎপরতার কথা তুলে ধরে বন সংরক্ষক তপন কুমার দে বলেন, "বিপন্ন বন্যপ্রাণী উল্লুক সংরক্ষণে আমরা বদ্ধপরিকর। সরকার বন ও বন্যপ্রাণী সংরক্ষণে নানা কার্যক্রম হাতে নিয়েছে। সেই সঙ্গে বন্যপ্রাণী রক্ষায় ব্যাপক গণসচেতনতাও গড়ে তোলা হচ্ছে।"
ইতিমধ্যে বিদ্যমান আইন প্রয়োগেও কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে জানান এ বন কর্মকর্তা।
উল্লুক দিবাচর, রাতে গাছের উঁচু ডালে ঘুমায়। বিভিন্ন ধরনের ফল ও ডুমুর খায়, তবে কচিপাতা, ফুল, পোকামাকড়ও এদের অনেক প্রিয়।
বাচ্চা দেয় তিন বছর পরপর শীত ঋতুতে। শিশু অবস্থায় সাদা থাকলেও ছয় মাসের মধ্যেই রঙ বদলে কালো হয়ে যায়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে (৬/৭ বছর) পুরুষ উল্লুকের রং কালো থাকলেও, স্ত্রী উল্লুক হলুদাভ রঙের হয়ে যায় ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24