২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভিওআইপি সংশ্লিষ্টতা র‌্যাংকসটেলেও'

ঢাকা ফোন ও ওয়ার্ল্ডটেলের পর র‌্যাংকসটেলেও অবৈধ ভিওআইপি সংশ্লিষ্টতার আলামত পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব। তবে বেসরকারি এ ল্যান্ডফোন অপারেটর তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। (র‌্যাংসটেলের বক্তব্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 06:20 AM

Updated : 24 Aug 2022, 07:42 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ফোন ও ওয়ার্ল্ডটেলের পর র‌্যাংকসটেলেও অবৈধ ভিওআইপি সংশ্লিষ্টতার আলামত পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব। তবে বেসরকারি এ ল্যান্ডফোন অপারেটর তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র‌্যাব বৃহস্পতিবার রাতভর তেজগাঁও শিল্প এলাকায় নভো টাওয়ারে র‌্যাংকসটেলের কার্যালয়ে অভিযান চালায়। সেখান থেকে ভিওআইপি সরঞ্জাম আটক করা হয় বলে র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান জানিয়েছেন। র‌্যাংকসটেল জানায়, বিটিআরসি ও র‌্যাব অভিযানের পর সব সুইচ বন্ধ করে প্রতিষ্ঠানের সুইচ রুম সিলগালা করে দেওয়ায় সকাল থেকে র‌্যাংকসটেল ফোন কোনো কাজ করছে না। র‌্যাব কর্মকর্তা জিয়া শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাংকসটেলে ভিওআইপি সরঞ্জাম পাওয়া গেছে। এ বিষয়ে র‌্যাংকসটেলের মহাব্যবস্থাপক (প্রকৌশল) শেখ কামরুজ্জামান, উপ মহাব্যবস্থাপক (প্রকৌশল) মোমিনূর রহমান চৌধুরী এবং উপ মহাব্যবস্থাপক (বিক্রয়) ইকবাল করিম ভূঁইয়া নোমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে র‌্যাংকসটেল থেকে কী ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে, সে বিষয়ে র‌্যাব কিছু জানায়নি। র‌্যাংকসটেলের চিফ অপারেটিং কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযানের পর আমাদের প্রধান সুইচ বন্ধ করে ওই রুম সিলগালা করে দেওয়া হয়েছে। ফলে আমরা গ্রাহকদের কোনো সেবা দিতে পারছি না।" র‌্যাংকসটেল কোনো ধরনের অবৈধ তৎপরতায় জড়িত নয় দাবি করে তিনি বলেন, "আমাদের এখানে অবৈধ কিছুই পাওয়া যায়নি। উপরন্তু আমাদের তিন কর্মকর্তাকে ধরে নেওয়া হয়েছে। তারা কোথায় আছে, আমরা জানি না।" বিকালে র‌্যাংকসটেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পরিচালক আমানুল্লাহ চৌধুরী বলেন, "আমাদের কার্যালয়ে কোনো ভিওআইপি যন্ত্রপাতি ছিলো না এবং এখান থেকে কোনো যন্ত্রপাতি উদ্ধারও হয়নি।" "এর আগে অনেক বড় বড় কোম্পানিতে অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, কিন্তু তাদের সুইচরুম বন্ধ করে দেওয়া হয়নি। আমরা কিছু স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছি", বলেন তিনি। সুইচ রুম বন্ধ করে দেওয়ায় প্রতিদিন ২০ লাখ টাকা ক্ষতি এবং সাড়ে ৩ লাখ গ্রাহক দুর্ভোগের শিকার হবে বলে দাবি করেন আমানুল্লাহ। তিনি জানান, তাদের যদি কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায় তবে জরিমানা দিতে তারা রাজি আছেন। র‌্যাংকসটেলের তিন কর্মকর্তার খবর না পেয়ে তাদের পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে বলেও আমানুল্লাহ জানান। এর আগে গত ১৭ মার্চ বাড্ডায় ওয়ার্ল্ডটেলে অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জাম আটক করা হয়। অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তার দুদিন আগে ঢাকা ফোনের চেয়ারম্যান ও মহাব্যবস্থাপকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/কিউএইচ/এমআই/১৮১২ ঘ.