২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুচ্ছ ঘটনায় আশুলিয়ায় সংঘর্ষ, ২ জন গুলিবিদ্ধ

গাড়ি পাশ কাটানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ায় দুপক্ষের সংঘর্ষে দ'ুজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 07:49 PM

Updated : 24 Aug 2022, 07:39 PM

সাভার, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাড়ি পাশ কাটানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ায় দুপক্ষের সংঘর্ষে দ'ুজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ দুজন হলেন- কামরুল (২৫) ও রাব্বুল ইসলাম রাব্বী (২২)। আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, আশুলিয়ার দোসাইদ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় বিকেল ৪টার দিকে স্থানীয় যুবক নাহিদ (২২) তার মোটর সাইকেলযোগে ওই অনুষ্ঠানে যাচ্ছিল। একই অনুষ্ঠানে প্রাইভেটকারযোগে যাচ্ছিল শফিক (৩০) নামের এলাকার অপর এক যুবক। এ সময় বার বার হর্ন দেওয়া সত্ত্বেও নাহিদ প্রাইভেটকারকে জায়গা না দেওয়ায় শফিক ক্ষিপ্ত হয়ে উঠে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় শফিকের লোকজন নাহিদকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে এবং কুমকুমারি এলাকায় শফিকের বাড়িতে নিয়ে আটক করে রাখে। এ খবর নাহিদের আত্মীয়-স্বজন ও বন্ধুদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা কয়েকটি মোটর সাইকেলযোগে নাহিদকে উদ্ধারের জন্য শফিকের বাড়িতে যায়। সেখানে শফিকের লোকজন তাদের ওপর হামলা চালায়। শুরু হয় দু' পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এক পর্যায়ে শফিক ও তার লোকজন প্রতিপক্ষকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে ১০/১২ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে দুই জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়। শফিকের লোকজন প্রতিপক্ষের ৮টি মোটর সাইকেলে অগ্নিসংযোগও করে। পরে আশুলিয়া থানা পুলিশ ও র‌্যাব দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ওই ঘটনার সত্যতা স্বীকার করে আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০১৩৪ ঘ.