ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরুর দুঘণ্টার মধ্যে বন্ধ হয়ে গেছে শাহবাগে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে ঢাকা সিটি করপোরেশনের অভিযান।
ডিসিসির (ঢাকা সিটি করপোরেশন) কর্মীরা শাহবাগ থানা-সংলগ্ন পুলিশ বক্স ভাঙতে গেলে এতে দ্বিমত পোষণ করে উচ্ছেদ কার্যক্রম থেকে পুলিশ সদস্যদের প্রত্যাহার করেন শাহবাগ থানার ওসি রেজাউল করিম।
এ অবস্থায় নিরাপত্তার অভাবে রাত সোয়া ১১টায় উচ্ছেদ কার্যক্রম বন্ধ করেন ডিসিসি উচ্ছেদ দলের নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ।
প্রায় দু'ঘণ্টার উচ্ছেদ অভিযানে দুটি বিলবোর্ডের কিছু অংশ ভাঙতে সক্ষম হয় ডিসিসির উচ্ছেদ দল।
রমনা অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জানান, পুলিশ বক্স ভাঙার বিষয়ে ডিসিসির সঙ্গে দ্বিমত পোষণ করে পুলিশ সেখান থেকে সরে যায়।
পুলিশ প্রত্যাহার প্রসঙ্গে ওসি রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ে নিয়মিত দায়িত্ব পালনের জন্য পুলিশ প্রত্যাহার করা হয়।"
"ডিসিসির মালিকানাধীন বিভিন্ন অঞ্চলের সড়ক, ফুটপাথ ও ভূমি থেকে অবৈধ বিলবোর্ড অপসারণ ও মোবাইল কোর্ট পারিচালনা" কর্মসূচির আওতায় পুলিশ বক্সটি ভাঙা হচ্ছিলো।
'বিলবোর্ড অপসারণ' কর্মসূচির আওতায় পুলিশ বক্স কেন ভাঙতে চাওয়া হয় তা জানতে ম্যাজিস্ট্রেট খলিলকে বৃহস্পতিবার রাতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরনেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/০০৫৮ ঘ.
bdnews24