ময়মনসিংহ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান নিয়ে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।
বুধবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ ও ময়মনসিংহ শহরের ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ অন্তত ১৫ জন আহত হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটের কয়েকটি দোকানে ভাংচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোতয়ালি থানায় একটি মামলা করেছে। অপরদিকে ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ করেছে আরেকটি মামলা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দীন হাওলাদার সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ কর্মচারী ও শিক্ষার্থীদের উপর হামলা, বিনা অনুমতিতে ক্যাম্পাসে অনুষ্ঠান করা ও দোকান ভাংচুরের ঘটনায় তিনি বাদি হয়ে মামলাটি করেছেন।
এতে আসামি করা হয়েছে ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ কর্মী আজম, মো. জসিম উদ্দিন, সাহেলসহ ২৫-২৬ জনকে।
কোতয়ালি থানা পুলিশ জানায়, ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে জসিম উদ্দিন বাদি হয়ে আরেকটি মামলা করা হয়েছে।
এতে আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী মোরশেদ, রানা, আমজাদ, রাজন, সাজেদ, জয় ও ইমনসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে।
কোতয়ালি থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড.আলী আকবর বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্তের স্বার্থে কমিটির সদস্যদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার ক্যাম্পাসে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা।
অপরদিকে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে সভা ও ক্যাম্পাসে মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে বাস চলাচল।
এছাড়া ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. শামছুদ্দিন।
তিনি বলেন, দুর্বৃত্তদের শক্ত হাতে দমন করতে পুলিশ ও র্যাবকে অনুরোধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.
bdnews24