২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 02:21 PM

Updated : 24 Aug 2022, 07:39 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আউয়াল কবীর ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। পুলিশ ফোকলোর বিভাগের সামনের মাঠ থেকে তিনটি লোহার রড ও একটি হাঁসুয়া উদ্ধার করেছে বলে জানিয়েছেন মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান। মাজেদুলের অনুসারীরা সাংবাদিকদের কাছে দাবি করেন, সভাপতির অনুসারী জুয়েল, সৌরভ, নয়ন, ডিলস শিবিরকর্মী জাবেদকে রবীন্দ্র কলাভবনের কাছে মারধর করে। বিষয়টি মীমাংসার চেষ্টা করলে তারা মাজেদুলের ওপর চড়াও হয়। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মাজেদুলের অনুসারী রতনকে মারধর করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। অপরদিকে সভাপতি আউয়ালের অনুসারীরা দাবি করেন, প্রতিপক্ষ তাদের কর্মী জুয়েল, আরিফ, নাজমুল ও পলাশকে মারধর করেছে। মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে দুই পক্ষের নেতাকর্মীরা ফোকলোর চত্বরে জড়ো হয়। ওই সময় পুলিশ সেখান থেকে রড ও হাঁসুয়া উদ্ধার করে। তিনি জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধূরী মোহাম্মদ জাকারিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অভিযোগ করেন, কিছু উচ্ছৃঙ্খল কর্মী তার অনুসারীদের ওপর চড়াও হয় এবং ২/৩ জনকে মারধর করে। সভাপতি আউয়াল কবীর বলেন, কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারধরের ঘটনা ঘটেছে। দুপক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.