২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ শুরু

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রাজধানীর শাহবাগের অবৈধ বিলবোর্ড উচ্ছেদ শুরু করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 01:20 PM

Updated : 24 Aug 2022, 07:39 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রাজধানীর শাহবাগের অবৈধ বিলবোর্ড উচ্ছেদ শুরু করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানান। অভিযানে নেতৃত্ব দেন ডিসিসির নির্বাহি ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, অভিযান শুরুর সময় কয়েকটি বিজ্ঞাপনি সংস্থার লোকজন অনুমতি আছে বলে বোঝানোর চেষ্টা করে। কিন্তু তারা বৈধতার কোনো কাগজ দেখাতে না পেরে চলে যান বলে জানান খলিল। অতিরিক্ত পুলিশ নিয়ে ডিসিসি এই অভিযান ভোর ৫টা পর্যন্ত চালাবে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বুলড্রেজার, ক্রেন এবং রড কাটার মেশিন দিয়ে বিলবোর্ডগুলো ভাঙা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে সিরাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানের প্রথম পর্যায়ে অঞ্চল ৫-এর শাহবাগ থানা এলাকায় অবৈধ বিলবোর্ড অপসারণ করা হবে। তিনি বলেন, "বাকি চারটি অঞ্চলে শুক্রবার রাত থেকে অভিযান শুরু হবে।" গত ১৫ মার্চ রাতে কালবৈশাখী ঝড়ে গুলশানে বিলবোর্ড পড়ে দুই জন নিহত হয়। এর পর এরকম বড় ধরনের অভিযানে নামছে ডিসিসি। সিরাজুল ইসলাম বলেন, "যন্ত্রপাতি ও লোকবল যথেষ্ট না হওয়ায় একযোগে অভিযান চালানো যাচ্ছে না।" বৃহস্পতিবারের উচ্ছেদ অভিযানের জন্য ডিসিসির অন্যান্য ইউনিট থেকে অতিরিক্ত যন্ত্রপাতি ও লোকবল সংগ্রহ করেছে নগর পরিকল্পনা বিভাগ। রাজধানীতে বৈধ বিলবোর্ড ও মেগা সাইনের সংখ্যা মাত্র পাঁচশ বলে গত মঙ্গলবার জানান প্রধান নগর পকিল্পনাবিদ। রাজধানীতে প্রায় আড়াই হাজার অবৈধ বিলবোর্ড রয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২২৪৬ ঘ.