চাঁদপুর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল মিলনের জামিন নামঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার শুনানি শেষে জেলা জজ শামছুন্নাহার এ আদেশ দেন।
জেলার কচুয়া আসনের আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মহীউদ্দিন খান আলমগীরের গাড়ি ভাঙচুরের মামলায় রোববার বিচার বিভাগীয় হাকিম আদালতে আত্মসমপর্ণের পর মিলনকে কারাগারে পাঠানো হয়।
ওই দিন তার আইনজীবীরা জামিন আবেদন করেন। আজ শুনানির দিন ধার্য ছিল। শুনানির সময় মিলন আদালতে উপস্থিত ছিলেন না।
গত সংসদ নির্বাচনে আলমগীরের কাছেই হেরেছিলেন বিএনপি'র প্রার্থী মিলন।
মিলনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয় ২০০৯ সালের ৬ মে। তবে ঘটনাটি ঘটেছিলো ২০০৩ সালের ১৬ অক্টোবর।
মামলার বাদি স্থানীয় আওয়ামী লীগ নেতা কলিমুল্লাহর অভিযোগ, ২০০৩ সালের ১৬ অক্টোবর ঢাকা থেকে চাঁদপুরের কচুয়া উপজেলায় মহিলা আওয়ামী লীগের একটি সভায় যাওয়ার পথে সাচার বাজারে মহীউদ্দীন খান আলমগীরের গাড়িবহরে দলবল নিয়ে হামলা চালান মিলন।
মামলায় মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবীসহ ৩৪ জনকে আসামি করা হয়। এ মামলায় অভিযোগপত্র দাখিল হওয়ায় পর গত ১৮ জানুয়ারি মিলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
মিলনের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল বিন বাসার ও কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, আরো চার মামলায় মিলনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলা চারটি হল- কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুরসহ হামলা ও ছিনতাইয়ের তিনটি এবং নির্বাচনী ব্যয়ের হিসাব সংক্রান্ত একটি মামলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩১ ঘ.
bdnews24