২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীসহ ১০ 'যুদ্ধাপরাধীর' বিচার শুরুর দাবি

জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ ১০ জনের বিরুদ্ধে 'যুদ্ধাপরাধী মামলার' বিচার প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের এক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 11:33 AM

Updated : 24 Aug 2022, 07:40 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ ১০ জনের বিরুদ্ধে 'যুদ্ধাপরাধী মামলার' বিচার প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের এক নেতা। সংসদের মহানগর ইউনিট কমান্ডার আলহাজ্ব আমির হোসেন মোল্লা বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের 'শীর্ষ যুদ্ধাপরাধী' অভিহিত করে আমির বলেন, ''২০০৮ সালের ২৩ জানুয়ারি আমি ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্র্যাট আদালতে নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা, কামারুজ্জামান, সরদার আবদুস সালাম, মীর আবুল কাশেম, আখতার গুন্ডা ও ডোমা নেওয়াজসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করি।" "ওই মামলার ধারাবাহিকতায় যুদ্ধাপরাধীর বিচার শুরুর" আহ্বান জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। আমির হোসেন তার লিখিত বক্তব্যে চলতি মাসেই যুদ্ধাপরাধীর বিচার শুরু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও আহবান জানান। মামলায় আনা অভিযোগ সর্ম্পকে আমির বলেন, ''১৯৭১ সালের ২৩ এপ্রিল ভোররাতে তুরাগ নদীর পশ্চিম পাড়ে হেলিকপ্টার থেকে পাকিস্তানি সেনারা নামে। সেখানে জামায়াতে ইসলামীর বর্তমান আমীর মতিউর রহমান নিজামীর নেতৃত্বে ৬০/৭০ জন বিহারিসহ শতাধিক লোক আলব্দী গ্রামটি ঘিরে ফেলে আমার খালু মামাসহ ৬৪ জনকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে।'' রাজধানীর পল্লবী থানায় মামলার তারিখ ২৫/০১/০৮ জানিয়ে তিনি বলেন, "বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের উপ-কমান্ডার এম এ গফুর ও শাহীদুর রহমান ফিরোজ, মহানগর সংসদের নেতা জিয়াউর রহমান জিয়া, রফিকুল ইসলাম সাদেক আহমেদ, গোলাম মোস্তফা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৭১৯ ঘ.