ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১০ জন ব্যক্তিকে এবারের স্বাধীনতা পদকের জন্য মনোনীত করেছে সরকার। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমী পাচ্ছে সম্মানজনক এ পুরস্কার।
পদকের জন্য মনোনীতদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীও রয়েছেন।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে মনোনীত করা হয়েছে বলে বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে বলা হয়।
মনোনীতদের মধ্যে রয়েছেন সংস্কৃতিতে ওয়াহিদুল হক (মরণোত্তর), আলমগীর কবির (মরণোত্তর) ও ফেরদৌসী প্রিয়ভাষিণী।
শিক্ষায় মনোনীত করা হয়েছে অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ও অধ্যাপক যতীন সরকারকে।
সাহিত্যে মনোনীত করা হয়েছে ড. মুস্তাফা নূরউল ইসলাম ও রোমেনা আফাজ (মরণোত্তর)কে।
এছাড়া একেএম সামসুল হক খান (মরণোত্তর) ও বেলাল মোহাম্মদকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও নগদ এক লাখ টাকা পাবেন।
স্বাধীনতা দিবস ২৬ মার্চের আগে মনোনীতদের পুরষ্কার আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।
১৯৭৭ সাল থেকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24