ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইডেন কলেজে সরকার সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের 'সন্ত্রাসী' তৎপরতার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ছাত্রদল।
ছাত্রদল নেতারা সন্ত্রাসে জড়িত ছাত্রলীগ নেতাদের বহিষ্কার দাবি করেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনে ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন কলেজের ছাত্রদল নেতা-কর্মীরা অংশ নেয়।
গত ১২ মার্চ ইডেন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। উভয়পক্ষ একে অপরের প্রতি ছাত্রীদের নির্যাতন এবং ভর্তিবাণিজ্যের অভিযোগ করে।
বিএনপি ক্ষমতায় থাকার সময় একই অভিযোগ ছিলো ছাত্রদলের নেত্রীদের বিরুদ্ধে।
১২ মার্চের সংঘর্ষের পর ছাত্রলীগ ইডেনের চার নেত্রীকে সংগঠন থেকে বহিষ্কার করে।
মানববন্ধনের পর সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, ইডেন কলেজের ঘটনায় ছাত্রীদের অভিভাবকরা উদ্বিগ্ন। একই অবস্থা হয়েছে বদরুন্নেসা ও গার্হ্যস্থ অর্থনীতি কলেজেও।
ওই দুই কলেজেও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্যাতন চলছে বলে অভিযোগ ছাত্রদলের। এছাড়া ময়মনসিংহ আনন্দ মোহন কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ দখলদারিত্ব সৃষ্টি করে রেখেছে বলেও দাবি করেছে বিরোধী দল সমর্থকরা।
ছাত্রদলের মানবন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন সংগঠনের সাবেক সভাপতি দুই সভাপতি ও বর্তমানে বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সংসদে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সিনিয়র সহ সভাপতি শহীদুল ইসলাম বাবুল কর্মসূচিতে নেতৃত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৫০ ঘ.
bdnews24