বান্দরবান, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের রুমা উপজেলায় বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক আনসার কর্মকর্তা নিহত হয়েছেন; আহত হয়েছেন ১১ জন।
নিহত ব্যক্তি হলেন- রুমার ৬ নম্বর আনসার ব্যাটালিয়নের সার্কেল অ্যাডজুটেন্ট (কোম্পানি কমান্ডার) আবদুর রহিম (৩২)।
তিনি ১৬ জন আনসার সদস্য নিয়ে একটি জিপে করে জেলা সদরে আসছিলেন। পাহাড়ি পথে বান্দরবান সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মুরংগ বাজার এলাকায় সাড়ে ৮টার দিকে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০-২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।
বান্দরবান আনসার অ্যাডজুটেন্ট কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের কর্মী জামাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় আবদুর রহিম ঘটনাস্থলেই মারা যান।
তার বাড়ি নাটোর জেলার সদর উপজেলার দাঙ্গাপাড়া গ্রামে।
জামাদুল জানান, দুর্ঘটনার খবর পেয়ে একটি অ্যাম্বুলেন্স গিয়ে আহতদের উদ্ধার করে আনে। আহতদের মধ্যে সিপাহী মনসুর আহমেদ ও সিপাহী মাজহারুল ইসলামের অবস্থা গুরুতর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.
bdnews24