ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক ধর্মঘটের কারণে টানা তৃতীয় দিনের মতো দেশে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বেতন বৃদ্ধি ও নৌ নিরাপত্তা দেওয়াসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিকরা। ফলে দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকার নৌযাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার সকালে ঢাকার নৌবন্দর সদরঘাট গিয়ে ঘাট ফাঁকা দেখা যায়। কোনো লঞ্চ কিংবা নৌযান চলছে না। তবে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদরঘাট থেকে ৩৮টি রুটে ৪৪টি লঞ্চ ছেড়ে যায়। বিকালে ছাড়ে আরো লঞ্চ।
নৌযান শ্রমিক ফেডারেশন দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
তবে নৌযান শ্রমিকদের ধর্মঘটকে 'অবৈধ' অভিহিত করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
লঞ্চ মালিকরাও শ্রমিকদের এ ধর্মঘটের বিরোধিতা করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪০ ঘ.
bdnews24