২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষসন্ত্রাসীদের নতুন তালিকা প্রকাশ হবে

শীর্ষসন্ত্রাসীদের নতুন একটি তালিকা শিগগিরই জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 02:57 PM

Updated : 24 Aug 2022, 07:38 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীর্ষসন্ত্রাসীদের নতুন একটি তালিকা শিগগিরই জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বুধবার উত্তরার আজমপুরে নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। সংসদে প্রকাশিত ৪২ শীর্ষসন্ত্রাসীর তালিকা নিয়ে গণমাধ্যমে কড়া সমালোচনার পর তালিকায় বাদপড়া সন্ত্রাসীদের যোগ করে তালিকা করার কথা জানান তিনি। সাহারা খাতুন বলেন, "শিগগিরই শীর্ষসন্ত্রাসীদের মূলোৎপাটন করা হবে। গডফাদারদের আইনের মুখোমুখি করে জনসম্মুখে তাদের নাম প্রকাশ করা হবে। সোমবার সংসদ অধিবেশনে দেশের ৪২ শীর্ষসন্ত্রাসীর হালনাগাদ তালিকা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদের ২১ জনের বর্তমান অবস্থা বিষয়ে কিছু জানানো হয়নি তালিকায়। ৪২ শীর্ষসন্ত্রাসীর ২১ জন নিখোঁজ, পলাতক বা গ্রেপ্তার কি না সে বিষয়টি প্রকাশিত তালিকার 'মন্তব্য' কলামে উল্লেখ করে দেওয়া হয়। বাকি ২১ শীর্ষসন্ত্রাসী নিখোঁজ, পলাতক বা গ্রেপ্তার কি না সে বিষয়ে প্রকাশিত তালিকার 'মন্তব্য' কলামে কোনো তথ্য দেওয়া হয়নি। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এই তালিকা সম্পর্কে কিছুই জানি না। সন্ত্রাসীদের কার বাসা কোথায় এটাও আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।" তিনি জানান, মহানগর পুলিশ সবসময় সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করে থাকে। এসব তালিকার সঙ্গে মন্ত্রীর ঘোষিত তালিকার মিল আছে কি না তা দেখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৫১ ঘ.