শেরপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু পঙ্গু ও যুদ্ধাহত নয়, সব মুক্তিযোদ্ধাদের জন্য রেশন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন বীরপ্রতীক তারামন বিবি।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচার দ্রুত শুরুর তাগিদও দিয়েছেন তিনি।
তারামন বিবি বুধবার শেরপুর পুলিশ লাইনে শেরপুর জেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের রেশন প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
তিনি এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।
তারামন বিবি একইসঙ্গে বলেন, "১৯৭১ এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অনেকের শারীরিক শক্তিসামর্থ্য এখন আর নেই। অনেকে অসহায় অবস্থায় রয়েছে। তাই তারা যাতে দু'বেলা দু'মুঠো খেয়ে বাঁচতে পারে, সে জন্য সবাইকে রেশন দেওয়া একান্ত দরকার।"
যুদ্ধাপরাধীদের বিচার শুরুর তাগিদ দিয়ে খেতাবপ্রাপ্ত এ নারী মুক্তিযোদ্ধা বলেন, "যারা পাক হানাদার বাহিনীর দালালি করেছে, মানুষকে নির্যাতন, হয়রানি ও হত্যা করেছে এবং মা বোনদের ইজ্জত নিয়েছে, সে সব আলবদর ও রাজাকারদের বিচার হওয়া জরুরি।"
"আমি বেঁচে থাকতেই রাজাকার, দালাল, আলবদরদের বিচার দেখে যেতে চাই", বলেন তিনি।
রেশন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আব্দুল ওয়াদুদ প্রমুখ।
অনুষ্ঠানে শেরপুর, জামালপুর ও কুড়িগ্রাম জেলার ১১০ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার মধ্যে রেশনের চাল, আটা, ডাল, তেল ও চিনি বিতরণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৩ ঘ.
bdnews24