২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট অব্যাহত, লঞ্চ চলছে না

নৌযান শ্রমিক ধর্মঘট অব্যাহত থাকায় সারাদেশে লঞ্চ চলাচল বুধবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 05:57 AM

Updated : 24 Aug 2022, 07:39 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌযান শ্রমিক ধর্মঘট অব্যাহত থাকায় সারাদেশে লঞ্চ চলাচল বুধবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। ধর্মঘটের সমর্থনে সকালে ঢাকার নৌবন্দর সদরঘাটে সমাবেশ করেছে নৌযান শ্রমিকরা। তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানেরও সমালোচনা করেছেন। বেতন বৃদ্ধি ও নৌ নিরাপত্তা দেওয়াসহ ২২ দফা দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিকরা। ফলে দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকার নৌযাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সকালে সরেজমিন ঘুরে সদরঘাট ফাঁকা দেখা যায়। তবে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। আগের দিন অনেকে লঞ্চের জন্য এলেও ধর্মঘটের খবর প্রকাশ হওয়ায় বুধবার সদরঘাট ছিলো প্রায় জনশূন্য। প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদরঘাট থেকে ৩৮টি রুটে ৪৪টি লঞ্চ ছেড়ে যায়। বিকালে ছাড়ে আরো লঞ্চ। সকাল ১০টার দিকে ঘাটে সমাবেশ করে ধর্মঘট আহ্বানকারী সংগঠন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের সভাপতি আবদুল মালেক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা বলেন। সংগঠনের সহ সভাপতি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের দাবির বিষয়ে সরকারের তরফে কোনো সাড়া এখন পর্যন্ত মেলেনি। তাই আমাদের কর্মসূচি চলবে" নৌমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, "আমাদের সংগঠনের বয়স ৩২ বছর। সরকার বদলের সঙ্গে আদর্শ না বদলে সংগঠনটি শ্রমিকদের পক্ষে সব সময় থেকেছে, এখনো আছে। একজন জনপ্রতিনিধি হয়ে একটি সংগঠনের বিষয়ে তার (মন্ত্রী) এ ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়।" নৌযান শ্রমিকদের ধর্মঘটকে 'অবৈধ' অভিহিত করে শ্রমিক নেতা ও নৌমন্ত্রী শাজাহান খান মঙ্গলবার সাংবাদিকদের বলেছিলেন, "নৌ-যান শ্রমিক ফেডারেশন কোনো ট্রেড ইউনিয়ন নয়। তারা তারা ধর্মঘট আহ্বান করতে পারে না।" নৌযান শ্রমিক নেতা শাহ আলম পাল্টা অভিযোগ করেন, নৌমন্ত্রী শ্রমিকদের স্বার্থ এড়িয়ে লঞ্চ মালিকদের স্বার্থ রক্ষা করছেন। লঞ্চ মালিকরাও শ্রমিকদের এ ধর্মঘটের বিরোধিতা করে আসছে। সদরঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিওটিএ) সৈয়দ মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লঞ্চ আসা-যাওয়া না করলেও তারা দায়িত্ব পালনে ঘাটে অবস্থান করছেন। এদিকে সরকার সমর্থিত নৌযান শ্রমিক লীগ ধর্মঘটের বিপক্ষে অবস্থান নিয়েছে। ধর্মঘটের বিরোধিতা করে তারা মঙ্গলবার লিফলেটও বিলি করে। ধর্মঘটের যৌক্তিকতা ব্যাখ্যা করে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ৯ নভেম্বর স্বাক্ষরিত ত্রিপক্ষীয় (সরকার, মালিক ও শ্রমিক) চুক্তি সাড়ে চার মাসেও বাস্তবায়ন হয়নি। ফলে অনেকটা বাধ্য হয়েই শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে।" তবে সরকার শ্রমিকদের 'যৌক্তিক' দাবিগুলো সমাধানের চেষ্টা করছে বলে নৌমন্ত্রী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.