ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ছুরিকাঘাতে একজন আইনজীবী নিহত হয়েছেন।
ছিনতাইকারীদের হাতে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
নিহত আবদুল্লাহ আল ফারুক (৪০) মুন্সিগঞ্জ জজ কোর্টে আইন ব্যবসা করতেন।
সোমবার রাতে রাজধানীর দয়াগঞ্জ রেল ব্রিজের পাশ থেকে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফারুকের উরুতে বড় ছুরির আঘাত ছিল।
নিহতের ভায়রা ভাই এশরাত আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে মুন্সিগঞ্জ থেকে বাসায় ফেরার পথে সন্ধ্যার পরেও স্ত্রীর সঙ্গে একবার ফারুকের কথা হয়েছে। কিন্তু পরে ফোন করে সেটি বন্ধ পাওয়া যায়।
রাতে বিষয়টি তারা থানায় জানালে পুলিশ দয়াগঞ্জ থেকে একজনের মৃতদেহ উদ্ধারের কথা জানায়। হাসপাতালে এসে তারা মৃতদেহ শনাক্ত করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান বলেন, ফারুকের সঙ্গে মোবাইল বা ম্যানিব্যাগ কিছূই পাওয়া যায়নি। ছিনতাইকারীরা হয়তো ছুরি মেরে থাকতে পারে। হত্যার উদ্দেশে উরুতে ছুরি মারার কথা নয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএনএ/১৬৪৮ ঘ.
bdnews24