২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাস জমি নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

খাস জমি নিয়ে পাবনা সদর উপজেলায় দুটি গ্রামের লোকজনের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 10:02 AM

Updated : 26 Apr 2022, 12:55 AM

পাবনা, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাস জমি নিয়ে পাবনা সদর উপজেলায় দুটি গ্রামের লোকজনের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার সকালে উপজেলার ভবানীপুর গ্রামে এই সংঘর্ষে নিহত হন আব্দুল কাদের মণ্ডল (৫০)। তিনি দাপুনিয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি ছিলেন বলে জানিয়েছেন সদর থানার ওসি মতিয়ার রহমান। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার দিকশাইল গ্রামে কিছু খাস জমি নিয়ে ছোট দিকশাইলের কাদের মণ্ডল ও ভবানীপুর গ্রামের রওশন আলীর লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার রাতে দুপক্ষের মধ্যে এক দফা সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান সরকার জানান, আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে আব্দুল কাদের মণ্ডলের কয়েকজন সমর্থক ঈশ্বরদী যাওয়ার সময় রওশনের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ খবর পেয়ে কাদের মণ্ডল তার লোকজন নিয়ে ভবানীপুর গ্রামে ছুটে যান। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রায় দেড় ঘণ্টার সংঘর্ষে প্রতিপক্ষের দেশি অস্ত্রের আঘাতে কাদের ঘটনাস্থলেই মারা যান। ওসি মতিয়ার রহমান জানান, আহতদের মধ্যে পাঁচজনকে পাবনা জেনারেল হাসপাতাল, তিনজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং দুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫১ ঘ.