ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর-চিরিরবন্দর সড়কের মাতাসাগরে সোমবার সকালে একটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের রাজারামপুরে একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মারা যান এক সাইকেল আরোহী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দিনাজপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার মাতাসাগর এলাকায় সকালে বালু বোঝাই একটি ট্রাক্টর এক সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ট্রাক্টচালকের সহযোগীও ট্রাক্টরে চাপা পড়ে মারা যান।
নিহতরা হলেন- উপজেলার হোসেনপুর গ্রামের সবজি বিক্রেতা মতিয়ার রহমান (৪০) ও ট্রাক্টচালকের সহকারী একই উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুল জলিল (৪০)।
কোতয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) কল্লোল চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে।
নিহতদের লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার রাজারামপুর এলাকায় সোমবার সকাল বিআরটিসি'র যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যান।
নিহত ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোলাডাঙ্গা মহল্লার কামরুল ইসলামের ছেলে হাসান (২৪)।
সদর থানার ওসি আহসানুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ছেড়ে যাওয়া বুড়িমারীগামী বিআরটিসি বাস সকাল পৌনে ৯টার দিকে রাজারামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা সাইকেলটিকে চাপা দেয়।
ঘটনার পরপরই বাসের চালক ও সহযোগী বাসটি ফেলে পালিয়ে যায় বলে জানান তিনি।
নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬১৯ ঘ.
bdnews24