ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত ব্রিটিশ পরিবেশ, খাদ্য ও পল্লী বিষয়ক মন্ত্রী জিম ফিজপ্যাট্রিক সোমবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
ব্রিটিশ মন্ত্রী দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান।
তিনি জলবায়ু পরিবর্তনসহ দ্বি-পাক্ষিক বিষয় নিয়ে খালেদার সঙ্গে আলোচনা করেন বলে বিএনপির সহসভাপতি ও সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরী জানিয়েছেন।
ফিজপ্যাট্রিক সাংবাদিকদের বলেন, জলবায়ু, নারীর ক্ষমতায়নসহ বাংলাদেশের উন্নয়ন বিষয় তাদের আলোচনা হয়েছে।
ব্রিটিশ মন্ত্রী জানান, বাংলাদেশে এটা তার ব্যক্তিগত সফর। তিনি সিলেটও ঘুরে এসেছেন।
ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় খালেদার সঙ্গে ছিলেন লন্ডনের টাওয়ার অব হেমলেটের সাবেক মেয়র দরছ উল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৩০ ঘ.
bdnews24