২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব আসামিকে হাজিরের নির্দেশ দিয়ে শুনানি মুলতবি

বিদ্রোহে অভিযুক্ত ৩৬ রাইফেলস ব্যাটালিয়নের ৩১০ সদস্যকে হাজির করার নির্দেশ দিয়ে মামলার শুনানি মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 05:41 AM

Updated : 24 Aug 2022, 07:34 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহে অভিযুক্ত ৩৬ রাইফেলস ব্যাটালিয়নের ৩১০ সদস্যকে হাজির করার নির্দেশ দিয়ে মামলার শুনানি মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। সোমবার সকাল সোয়া ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিশেষ আদালতের কার্যক্রম চলে। দরবার হলে বিশেষ আদালত-৫ এর নেতৃত্ব দেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। তিনি শুনানি মুলতবির আগে আসামিদের মধ্যে যে ৬৯জন এখনো বিডিআরে কর্মরত, তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন। বাকি ২৪১ জন আসামি হত্যা ও লুণ্ঠনের গ্রেপ্তার হয়ে আগে থেকেই কারাগারে রয়েছেন। শুনানির শুরুতেই মামলার বাদি নায়েক সুবেদার মো. গিয়াসউদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এর আগে প্রসিকিউটর হিসাবে ৩৬ রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিক ইমাম সিদ্দিকী আদালতের কাছে অভিযোগ পড়ে শোনানোর অনুমতি চেয়ে নেন। গিয়াসউদ্দিন বলেন, আসামিদের মধ্যে ১০৪ জন ঘটনার দিন দরবার হলে ছিলো। অন্যরা বাইরে লুটপাট আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিযেছে। এর নজির হিসেবে তিনি পলাতক অবস্থায় গ্রেপ্তারদের কাছ থেকে অস্ত্রসহ নানা সামগ্রী উদ্ধারের কথা তুলে ধরেন। আদালতে জানানো হয়, আসামিদের মধ্যে ৪৭ জন পদধারী কর্মকর্তা বলে আদালতে জানানো হয়। মোট ৩১০ আসামির মধ্যে ২০২ জন ৩৬ রাইফেলস ব্যাটালিয়নের এবং বাকি ১০৮ জন অন্য ব্যাটালিয়নের হলেও তারা ৩৬ রাইফেলস ব্যাটালিয়নের সঙ্গে সংযুক্ত ছিলো। লেফটেন্যান্ট কর্নেল তারিক বলেন, বিপথগামী সদস্যরা নিজেদের অপরাধ ঢাকতে হত্যা, লাশ গুম, পরিবারের সদস্যদের প্রতি নির্যাতন চালিয়েছে। এ আদালতের দিকে তাদের পরিবার তাকিয়ে আছে স্বজন হারানোর সঠিক বিচারের আশায়। "বিদ্রোহের দিন দরবার হলে ল্যান্সনায়েক আব্দুল হান্নান বলেছিলো-'আর্মি অফিসারদের দরকার নেই, তোদের দিন শেষ', আরেকজন বলেছিলো- '৯১ সালে সুযোগ এসেছিলো কাজে লাগাতে পারিনি এবার লাগাবো'। এসব উক্তি বিদ্রোহের অন্যতম অংশ", বলেন তিনি। তারিক বলেন, সেদিন মহাপরিচালকের নির্দেশে যদি কেউ দরবার হল ত্যাগ না করতো তা হলে বিদ্রোহ অঙ্কুরেই দমন করা যেত। তিনি মেজর মকবুলের হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন, "তিনি (মেজর মকবুল) সিগন্যাল রুমে আলমারির পেছনে নিজের জীবন রক্ষার জন্য আশ্রয় নিয়েছিলেন। কিন্তু তখন দায়িত্বরত পিওন সাইফুদ্দিন একজন ঘাতককে ডেকে এনে মেজর মকবুলকে দেখিয়ে দিলে সেখানেই তাকে হত্যা করা হয়। কিন্তু বিডিআরের সদস্য না হওয়ার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তাকে অবশ্য সিআইডি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে।" তারিক ইনাম বলেন, বিডিআরে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা দরকার। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত তাদের ছুড়ে ফেলে দিয়ে নতুনদের নিয়ে কাজ করতে হবে। আমরা সাধারণ জনগণের টাকায় চলি। যদি আবার এ ধরনের ঘটনা ঘটে তা হলে জনগণ আমাদের ক্ষমা করবে না। আদালতের কাজে বিডিআর মহাপরিচালককে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম রাব্বানী, মেজর সাইদ হাসান তাপস এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরোওয়ার্দি। প্রসিকিউটর হিসাবে ছিলেন ৩৬ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিক ইনাম সিদ্দিকী। স্পেশাল প্রসিকিউটার হিসাবে ছিলেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, মানজুর আলম, মনজুর মো. শাহনেওয়াজ টিপু এবং হাবিবুর রহমান। আদালত মুলতবির পর এক সংবাদ সম্মেলনে বিডিআরের ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল আজিজ আহমেদ বলেন, কর্নেল মো. মজিবুল হক, লেফটেন্যান্ট কর্নেল এনায়েতুল হক এবং মেজর মো. মকবুল হোসেনের হত্যাকাণ্ডে জড়িত এবং ইন্ধনদাতাদের চিহ্নিত করা গেছে। "এটা ক্রিমিনাল অফেন্স। আজকের আদালত শুধু বিদ্রোহের অভিযোগের আলোকে বিচার করছে। ক্রিমিরাল অফেন্সের বিষয়টি সিআইডি দেখছে", বলেন তিনি। গত ২৩ ফেব্র"য়ারি এ আদালতেই ঢাকা সেক্টর (সদর) বিদ্রোহীদের বিচার শুরু হয়। দুইদিন চলার পর আগামী ১৫ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআর'র সে সময়কার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। ওই সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানেও বিদ্রোহ হয়। বিদ্রোহের বিচার বিডিআর আইনে হচ্ছে। এতে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। পিলখানায় হত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হত্যা, ধর্ষণসহ অন্যান্য অপরাধ তদন্ত করছে। বিদ্রোহের অভিযোগে সারা দেশে সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। রাঙামাটিতে গত বছরের ২৪ নভেম্বর ১২ ব্যাটালিয়নের নয়জন সদস্যের বিচারের মধ্য দিয়ে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৮১০ ঘ.