২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সংঘর্ষে আহত ৩০

শ্রমিককে মারধর করার জেরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এ সময় দুটি ময়দার কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 03:35 PM

Updated : 24 Aug 2022, 07:31 PM

নারায়ণগঞ্জ, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শ্রমিককে মারধর করার জেরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এ সময় দুটি ময়দার কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। রোববার সকালে দফায় দফায় সংঘর্ষে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি, পথচারী, শ্রমিক, ব্যবসায়ীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে বলে জানিয়েছেন সদর থানার ওসি আকতার হোসেন । নিতাইগঞ্জের ব্যবসায়ী সংগঠনগুলো ঘটনার জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে দায়ী করে কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘট শুরু করেছে। তবে স্থানীয় কাউন্সিলর কামরুল হাসান মুন্না অভিযোগ অস্বীকার করেছেন। নিতাইগঞ্জ চাল, ডাল, আটা-ময়দা, লবণ, ভূষি প্রভৃতির অন্যতম বৃহত্তম পাইকারী ব্যবসা কেন্দ্র। এখানে ৮০টি আটা-ময়দার কারখানা ও সাত শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অন্তত তিন হাজার শ্রমিক কাজ করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টায় নিতাইগঞ্জ বাংলাদেশ ফ্লাওয়ার মিলের সামনে একটি ঠেলগাড়ি উল্টে ময়দার বস্তা পড়ে যায় রাস্তায়। ওই পথ দিয়ে যাচ্ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কমিশনার কামরুল হাসান মুন্না। তিনি রাস্তা থেকে দ্রুত ময়দার বস্তাগুলো সরিয়ে নিতে বলেন শ্রমিকদের। এ নিয়ে বচসার এক পর্যায়ে মারধর করা হয় শ্রমিক সরদার আব্দুর রব ও বাংলাদেশ ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপক শহীদুল ইসলামকে। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সকাল ১১টায় কাউন্সিলর সমর্থক ও শ্রমিকরা মুখোমুখি হয়ে পড়ে। লাঠিসোটা নিয়ে এক পক্ষ অন্য পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষিপ্ত হয় বৃষ্টির মতো। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এলাকায় তীব্র ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পকারখানা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ঘটনাস্থলে যান এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক চলাকালে আবারো শুরু হয় সংঘর্ষ। পরে নারায়ণগঞ্জ প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল হাই ও অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আশরাফুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে। সংঘর্ষে নারায়ণগঞ্জ থানার ওসি আকতার হোসেন, কমিউনিটি পুলিশ হায়দার খান ও সেন্টু, হেলাল, হরিপদ, ফজলু, সোহেল, রিপন, মিঠু, শম্ভু, পরিমল, নাছির, ওবায়দুল্লাহ, সুজন, সামছুল, সোলেমান, ইবরাহিম, আনোয়ার, নুরুল ইসলাম সরদার, সেলিনা বেগম, ফারুকসহ অন্তত ৩০ জন আহত হয়। আহতদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষ গম আড়তদার সমিতির সভাপতি জসিমউদ্দিন মৃধার ভাই মোহনকে মারধর করে। বাংলাদেশ ফ্লাওয়ার মিল ও এম আর ফ্লাওয়ার মিলে হামলা ও ভাংচুর চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এম আর ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপক সালাউদ্দিনকে। বিকালে আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মতিউর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না শ্রমিক সরদার আব্দুর রবকে মারধর করেন। এর প্রতিবাদ করায় বাংলাদেশ ফ্লাওয়ার মিলের ম্যানেজার শহীদুল ইসলামের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে উঠে। তিনি জানান, এ ঘটনায় বিচার দাবি করে আটা-ময়দা মিল মালিক সমিতি, গম আড়তদার সামিতি, লবণ আড়তদার সমিতি, ধান-চাল আড়তদার সমিতিসহ ব্যবসায়ী সংগঠন ও শ্রমিক সংগঠনগুলো ধর্মঘট শুরু করেছে। নারায়ণগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান মুন্না অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি কাউকে মারধর করিনি। নিতাইগঞ্জের ব্যবসায়ী ও তিন হাজার শ্রমিকের কাছে আমার এলাকার ৭০ হাজার লোক জিম্মি।" তিনি দাবি করেন, পৌরসভা ব্যবসায়ীদের সুবিধার্থে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কার করেছে। খাল রোডে ট্রাক এবং বিকে রোডে ঠেলাগাড়ি থেকে পণ্য ওঠানো-নামানোর কথা। কিন্তু তা না করে তারা নিতাইগঞ্জের মূল সড়ক দখল করে পণ্য ট্রাকে ও ঠেলাগাড়িতে ওঠায়-নামায়। এ কারণে জনভোগান্তি চরমে পৌঁছেছে। নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভি বলেন, স্বার্থান্বেষী মহল উস্কানি দিয়ে নিতাইগঞ্জে বার বার এলাকাবাসী ও শ্রমিকদের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এক্ষেত্রে প্রশাসন ও পুলিশকে কার্যকরী ভূমিকা নেওয়া উচিত। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ মামলা করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৯ ঘ.