যশোর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর জেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে গুলি ও বোমাবাজির পরদিন রোববার সংগঠনের সদর উপজেলা শাখার আহ্বায়ক রিপন হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার বিকাল পাঁচটার দিকে শহরতলীর ফেকুটিয়া রঘুনাথপুর কাঠালতলা এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরি মারে বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি আব্দুল কাদের বেগ।
তিনি সাংবাদিকদের বলেন, গতরাতে জেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে গুলি ও বোমাবাজির ঘটনার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত না করে নির্দিষ্টভাবে কিছু বলা যাবে না।
এ হত্যাকাণ্ডের জন্য জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন সংগঠনের প্রতিপক্ষ গ্র"পকে দায়ী করেছেন।
এ ব্যাপারে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্মেলনের ঘটনার সঙ্গে রিপন হত্যার কোনো সংশ্লিষ্টতা নেই। একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের জন্য সতীর্থদের ওপর হামলা চালিয়ে প্রতিপক্ষের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।"
একই কথা বলেছেন জেলা ছাত্রলীগ সম্মেলনে সভাপতি প্রার্থী মহিউদ্দিন হোসেন। তিনি ছাত্রলীগে সাংসদ খালেদুর রহমান টিটু সমর্থকদের একজন হিসেবে পরিচিত।
তবে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর আরশাদ আলী রহমান বলেন, "গতকালের (শনিবার) ঘটনার জের ধরেই রিপনকে হত্যা করা হয়েছে।"
জেলা যুবলীগ সাধরণ সম্পাদক জহিরুল ইসলাম রেন্টু চাকলাদারও এ কথাই বলেছেন।
শনিবার রাতে ব্যাপক গোলাগুলি ও বোমাবাজির মধ্যে যশোর জেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড হয়ে যায়। এ সময় যশোর কোতয়ালি থানার ওসিহ অন্তত ১৫ জন আহত হন।
এদিকে জেলা ছাত্রলীগের সম্মেলনে গোলাগুলি ও বোমাবাজির জেরে রোববারও বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাত করা হয়।
এ ঘটনায় একপক্ষ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং আরেক পক্ষ সংবাদ সম্মেলন করেছে।
এছাড়া শনিবার রাতেই অজ্ঞাত পাঁচশ' জনকে আসামি করে যশোর কোতয়ালি থানায় একটি মামলা করেছে পুলিশ।
কোতয়ালি থানার ওসি আব্দুল কাদের বেগ বলেন, শনিবার রাতের ঘটনার জন্য ছাত্রলীগের একপক্ষ আরেক পক্ষকে দায়ী করছে। পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি।
তিনি বলেন, শনিবার রাত ও রোববার সকালে দু'বার ষষ্টিতলাপাড়ায় আওয়ামী লীগ নেতা ইমাম হোসেন লালের বাড়িতে বোমা হামলা হয়। তবে কেউ আহত হয়নি।
এ ছাড়া বেলা দেড়টার দিকে আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ তপু ছুরিকাহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইমাম হোসেন লাল ও আব্দুল আজিজ তপু দু'জনই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের অনুসারী বলে পরিচিত।
এরপর ছাত্রলীগ ও যুবলীগের একাংশ (চাকলাদার গ্র"প) শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অপরদিকে বেলা আড়াইটায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে খালেদুর রহমান টিটু পন্থী হিসেবে পরিচিত ছাত্রলীগের আরেকটি গ্র"প।
সংবাদ সম্মেলনে এই পরিস্থিতির জন্য তারা জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতাকে দায়ী করে। তবে তার নাম উল্লেখ করেননি তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মহিউদ্দিন আহম্মদ ওরফে মুক্ত। এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী এস এম হালিম বিশ্বাসও উপস্থিত ছিলেন।
২০০২ সালে যশোর জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে ২০০৩ সালে তা পূর্ণাঙ্গ কমিটি হিসেবে অনুমোদন পায়। প্রায় সাত বছর পর আবার আয়োজিত সম্মেলন শনিবার ভোটাভুটির সময় বোমা হামলা ও গোলাগুলির ঘটনায় পণ্ড হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৬ ঘ.
bdnews24