চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় শনিবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছে।
আহত হয় আরও ৫ জন। হতাহতরা সবাই বাসযাত্রী।
বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সোনাপাহাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় লোকজন জানান।
দুর্ঘটনায় নিহত আনুমানিক ১৮ বছর বয়সী এক মহিলা ও এক বছর বয়সী শিশুর পরিচয় জানা যায়নি।
মিরসরাই থানার ওসি হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকাগামী যাত্রীবাহী বাস ও চট্টগ্রামগামী একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মহিলা ও শিশু নিহত হয়।
আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২৫৬ ঘ.
bdnews24