কিশোরগঞ্জ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় শুক্রবার রাতে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে দুর্বৃত্তের হাতে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাতেই পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
নিহত আমিনুল ইসলামের (১৭) চাচা মতিউর রহমান ১২ জনকে আসামি করে শনিবার কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার হয়েছে- আবদুল মালেক রনি (২০), নাইমুল ইসলাম (১৯), ইমন (২০), ইয়াছিন (২০), মাহবুব (১৯) ও রুবেল (২০)। এদের সবার বাড়ি শহরের নগুয়া বাঘাবাড়ি এলাকায়।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। আমিনুলের সঙ্গে আসামিদের কথাকাটাকাটি ও হাতাহাতির জের ধরে হত্যার ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছে।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে তিনি আরো বলেন, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে এবং গত বুধবার আসামিদের সঙ্গে আমিনুল ও আসামিদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে মীমাংসার কথা বলে শুক্রবার সন্ধায় তারা আমিনুল ইসলামকে মোবাইল ফোনে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ডেকে নিয়ে ছুরিকাহত করে।
তাকে প্রথমে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আমিনুলের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামে। সদরের কাটাবাড়িয়ায় নানার বাড়িতে থেকে কাটাবাড়িয়া এ, আর খান উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত। ওই স্কুল থেকে এবার সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল। রোববার তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।
চার ভাই ও এক বোনের মধ্যে আমিনুল সবার বড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০৫ ঘ.
bdnews24