ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দিনের সফরে ১৪ মার্চ রোববার ভারত যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন।
ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল দীপক কাপুরের আমন্ত্রণে তার এ সফর।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সফরে জেনারেল মুবীন ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ও পেশাগত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
তিনি ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।
পাঁচদিনের সফরে জেনারেল মুবীনের সঙ্গীদের মধ্যে তার স্ত্রী ও সেনাবাহিনীর চার কর্মকর্তা থাকছেন।
২০ মার্চ তিনি দেশে ফিরবেন।
গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদও জেনারেল কাপুরের আমন্ত্রণে ভারত সফর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২০৯ ঘ.
bdnews24