২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনের মধ্যে ক্ষতিপূরণ: বড়পুকুরিয়ায় অনশন প্রত্যাহার

জুন মাসের মধ্যে ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাসে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ক্ষতিগ্রস্তদের আমরণ অনশন কর্মসূচি শুক্রবার প্রত্যাহার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 12:24 PM

Updated : 24 Aug 2022, 07:29 PM

দিনাজপুর, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুন মাসের মধ্যে ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাসে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ক্ষতিগ্রস্তদের আমরণ অনশন কর্মসূচি শুক্রবার প্রত্যাহার হয়েছে। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিব-উল ফেরদৌস জানান, আগামী জুন মাসের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন এবং এ সময়ের মধ্যে নতুন কেউ ক্ষতিগ্রস্ত হলে আগের নিয়মে তাকেও ক্ষতিপূরণ দেওয়ার সরকারি আশ্বাসে অনশনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে। খনি এলাকার ক্ষতিগ্রস্ত জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ ও স্থায়ী পুনর্বাসনের দাবিতে 'জীবন ও সম্পদ রক্ষা কমিটি'র ব্যানারে বুধবার স্থানীয়দের অনশন শুরু হয়। ৫৩ ঘণ্টা পর শুক্রবার বিকেল পৌনে ৫টায় তা প্রত্যাহার হলো। প্রশাসন ও কয়লাখনি কর্তৃপক্ষ শরবত পান করিয়ে আমরণ অনশন ভাঙান। এ সময় দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মকবুল হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ শওকত আলী, বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক (মাইনিং) মীর আব্দুল মতিনসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের আশ্বাসের প্রেক্ষিতে অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮০০ ঘ.