চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা শিল্পে দুর্ঘটনায় আরেকজন শ্রমিকের মৃত্যু হয়েছে, যেখানে কাজের পরিবেশ অনিরাপদ বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পরিবেশবাদী সংগঠনগুলো।
'ভাটিয়ারি স্টিল অ্যান্ড শিপ ইয়ার্ডে' জাহাজ কাটার সময় লোহার পাতের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয় বলে শ্রমিকরা জানিয়েছে।
নিহতের নাম সরোজ দাশ (২৫); বাড়ি ভাটিয়ারি ইউনিয়নের বড় ঠাকুরপাড়া গ্রামে।
শুক্রবার ভোররাতে সরোজ আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা। সেখানে ভোরে তার মৃত্যু হয়।
ভাটিয়ারি স্টিলের শ্রমিক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিপ ইয়ার্ডে কাজ করার সময় রাত আড়াইটার দিকে একটি ভারী লোহার পাত সরোজের মাথার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। হাসপাতালে আনার পর ভোর সাড়ে ৪টার দিকে মারা যায় সে।"
গত বছর সীতাকুণ্ডে জাহাজাভাঙ্গা শিল্পে দুর্ঘটনায় কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২৪০ ঘ.
bdnews24