২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি মিজান সাতদিনের রিমান্ডে

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ওপর গ্রেনেড নিক্ষেপকারী হরকাতুল জিহাদ (হুজি) জঙ্গি মিজানুর রহমান ওরফে মিঠুকে সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 12:05 PM

Updated : 24 Aug 2022, 07:25 PM

হবিগঞ্জ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ওপর গ্রেনেড নিক্ষেপকারী হরকাতুল জিহাদ (হুজি) জঙ্গি মিজানুর রহমান ওরফে মিঠুকে সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বুধবার দুপুরে হবিগঞ্জের বিচার বিভাগীয় হাকিম সামসুল ইসলাম এ আদেশ দেন। আগের দিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) রফিকুল ইসলাম ১০দিন হেফাজতে রেখে মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানান। বিএনপি জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে আবারো ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আবেদন করেছে সিআইডি। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করেছে। রোববার গভীর রাতে র‌্যাব-৯ এর একটি বিশেষ দল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আলীপুর গ্রাম থেকে মিজানকে আটক করে। প্রাথমিক জিজ্ঞসাবাদের পর সোমবার সন্ধ্যায় র‌্যাব তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করে। জঙ্গি মিজান হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সেকান্দরপুর গ্রামের বাসিন্দা। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য কিবরিয়াসহ ৫ জন নিহত হন। তিনি ১৯৯৬-২০০১ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। এ ঘটনায় তখনকার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদি হয়ে হবিগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা করেন। মামলাটি তদন্ত করে সিআইডি'র তৎকালীন এএসপি মুন্সী আতিকুর রহমান হবিগঞ্জ বিএনপি'র সহ-সভাপতি আব্দুল কাইয়ুমসহ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। পরে বাদি পক্ষের নারাজির পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেয়। এ মামলায় হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নান ও বদরুল আলম মিজানকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যে হামলাকারী হিসাবে মিজানুর রহমান মিঠুর নাম বেরিয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৭ ঘ.