কিশোরগঞ্জ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাত সন্দেহে গণপিটুনিতে বুধবার ভোররাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টঘরিয়া গ্রামে দুজন নিহত হয়েছে।
এছাড়া ডাকাতদের হামলায় আহত হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে ২০/২৫ জন ডাকাত গ্রামের আব্দুস সালামের বাড়িতে হানা দেয়। তারা লুটপাট শেষে চলে যাওয়ার সময় ওই বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে।
কটিয়াদী থানার উপপরিদর্শক মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "স্থানীয়রা ধাওয়া করলে ডাকাতদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। ওই সময় পাঁচ গ্রামবাসী আহত হয়। অন্যদিকে গ্রামবাসীও দুই ডাকাতকে ধরে ব্যাপক মারধর করলে তারা ঘটনাস্থলেই মারা যায়।"
নিহত 'ডাকাত'রা হলেন- নজরুল ইসলাম (৩০) ও নূর আলী (৩৫)। এর মধ্যে একজনের চোখ তুলে নেওয়া হয়েছে। এদের বাড়ি পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া গ্রামে।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত মুহিরউদ্দিনকে (১২) প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় সকালে তাকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত অন্য চারজনের মধ্যে রয়েছেন আচমিতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা সিরাজ বলেন, ডাকাতির খবর পেয়েই টহল পুলিশ ওই গ্রামে যায়। কিন্তু পুলিশ পৌঁছার আগেই গণপিটুনিতে মারা যায় দুই ডাকাত।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
লাশ দুটি ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কটিয়াদি থানার উপ-পরিদর্শক (এসআই) শাসসুল হক জানান, নিহত দুজনের বিরুদ্ধে কটিয়াদি, পাকুন্দিয়াসহ বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে।
আজকের (বুধবারের) ঘটনায় একটি ডাকাতি এবং আরেকটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/২২২০ ঘ.
bdnews24