মুন্সীগঞ্জ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বাজারের কাছে পদ্মা নদীতে বুধবার সকালে একটি ট্রলার ডুবে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। ট্রলারের ছয় যাত্রী এখনো নিখোঁজ বলে পুলিশ জানিয়েছে।
শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি হাসাইল বাজার থেকে ওই এলাকার একটি চরে যাওয়ার পথে ডুবে যায় বলে জানিয়েছেন টঙ্গীবাড়ি থানার ওসি মো. আব্দুল্লাহ।
দুপুর ১২টা পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ব্যস্তপুর গ্রামের আশরাফুল (৮), সাতপাই গ্রামের শ্যামল (২০) ও বারমারা গ্রামের কুদ্দুস (৩৫)।
পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, ট্রলারটিতে রংপুর এলাকার বেশ কয়েকজন শ্রমিকও ছিলো। নিখোঁজদের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।
দমকল বাহিনী নিখোঁজদের অনুসন্ধান শুরু করেছে।
অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায় বলে পুলিশের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১২৩৬ ঘ.
bdnews24