২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি মুদ্রাসহ ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ১৮ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রাসহ এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 02:43 PM

Updated : 24 Aug 2022, 07:23 PM

মানিকগঞ্জ, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ১৮ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রাসহ এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার আজিমপুর এলাকা থেকে সোমবার রাতে সোনালী ব্যাংকের সিঙ্গাইর শাখার জুনিয়র অফিসার (ক্যাশ) মো. শাজাহানকে গ্রেপ্তার করা হয়। তার টাকা ছিনতাইয়ের অভিযোগে সালাউদ্দিন ও শহিদুল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিঙ্গাইর থানার ওসি মাহবুবুর রহমান জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে তিনজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হয়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সিঙ্গাইর থানা পুলিশ জানায়, ব্যাংক কর্মকর্তা মো. শাজাহান দীর্ঘদিন ধরে অবৈধভাবে মুদ্রা ব্যবসা করে আসছিলেন। সোমাবার রাত ৮টার দিকে সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের আজিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় দেশি দেড় লাখ টাকাসহ ১৮ লাখ টাকা মূল্যমানের ডলার, দিনার, ইউরো, রিংগিত, রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রা। থানা হেফাজতে ব্যাংক কর্মকর্তা শাজাহান সাংবাদিদের কাছে দাবি করেন, তিনি মোটরসাইকেল করে ঢাকার বাসার ফিরছিলেন। আজিমপুর এলাকায় পৌঁছালে সামনে ও পেছন দিক থেকে আসা দুটি মোটরসাইকেল করে চার ব্যক্তি তার গতিরোধ করে। এদের মধ্যে দুজন তাকে মারধর করে পাঁচ লাখ টাকা মূল্যমানের দেশি ও বিদেশি মুদ্রা ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অপর দুজন জানান তারা সিঙ্গাইর থানার দারোগা। সিঙ্গাইর থানার উপ-পরিদর্শক (এসআই) আদিল মাহমুদ জানান, পুলিশের সোর্স শহিদুল ও সালাউদ্দিন ওই ব্যাংক কর্মকর্তার কাছ থেকে কিছু টাকা ছিনতাই করে পালিয়ে যায়। সোমবার রাতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৯ ঘ.