চট্টগ্রাম, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় এনএসআই'র সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ছয় দিনের হেফাজতে নিয়েছে সিআইডি।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণি শুনানি শেষে সিআইডি'র ১০ দিনের আবেদনের প্রেক্ষিতে ছয় দিনের হেফাজত মঞ্জুর করেন।
এসময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসাই'র সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দারকে আদালতে হাজির করা হয়।
জিজ্ঞাসাবাদের জন্য রেজ্জাকুলকে ৫ম বারের মতো হেফাজতে নিল সিআইডি। সর্বশেষ গত ৮ ও ১১ ফেব্র"য়ারি ২ দফায় রেজ্জাকুলকে মোট পাঁচ দিনের হেফাজতে ঢাকায় সিআইডি সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় হওয়া চোরাচালান মামলায় সিআইডির ১০ দিনের আবেদনের প্রেক্ষিতে বিচারক রেজ্জাকুলকে ছয় দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।
গত রোববার মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী রেজ্জাকুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০০৩ ঘ.
bdnews24