২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

শীতলক্ষ্যা নদীর অবৈধ দখল উচ্ছেদ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 01:18 PM

Updated : 24 Aug 2022, 07:23 PM

নারায়ণগঞ্জ, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শীতলক্ষ্যা নদীর অবৈধ দখল উচ্ছেদ শুরু হয়েছে। মঙ্গলবার অভিযানের প্রথম দিন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার অংশে ভেঙে ফেলা হয়েছে নদী দখল করে গড়ে তোলা ১১টি অবৈধ স্থাপনা। এসব স্থাপনা নদীর প্রায় ৩০/৪০ ফুট জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল। নির্মাণ করা হয়েছে পাকা ইমারতসহ বাণিজ্যিক প্রতিষ্ঠান। জেল প্রশাসক মো. সামছুর রহমান সাংবাদিকদের জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গায় ৩২০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে শীতলক্ষ্যায় ২৯৪টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে সেগুলো উচ্ছেদে আজ থেকে অভিযান শুরু হয়েছে। নারায়ণগঞ্জ অংশে বুড়িগঙ্গায় আছে ২৬টি অবৈধ স্থাপনা। বালু নদীর নারায়ণগঞ্জ অংশের অবৈধ দখল আগেই উচ্ছেদ করা হয়েছে বলে তিনি জানান। জেলা প্রশাসক জানান, সপ্তাহের সোম ও মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালানো হবে। মৌজা ভাগ করে পর্যায়ক্রমে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে। মঙ্গলবার সকাল ৯টায় শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে সোনারগাঁও উপজেলার অংশে উচ্ছেদ কাযক্রম শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিইউটিএ) ও জেলা প্রশাসন। বিকাল ৫টা পর্যন্ত চলে অভিযান। জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আব্দুল হাই, আবুল কাশেম ও সামছুজ্জোহার নেতৃত্বে উচ্ছেদ অভিযানে অংশ নেয় বিআইডব্লিউটিএ'র কর্মকর্তা-কর্মচারী ও দুই শতাধিক শ্রমিক। নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ'র উপ-পরিচালক (বন্দর) আলমগীর কবির জানান, সংস্থার উচ্ছেদকারী জাহাজ অগ্রবাহক ও অগ্রযাত্রা ক্রেনের সাহায্যে অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। প্রথমেই ভাঙা হয় নদীর পূর্ব পাড়ের একতলা প্রতিষ্ঠান হক কোল্ড স্টোরেজ'র পাকা ইমরাত। নদীর প্রায় ৩০/৪০ ফুট জায়গা দখল করে কোল্ড স্টোরেজ'র পাকা ইমরাত নির্মাণ করে। এছাড়া বিআইডব্লিউটিএ'র নিয়োজিত শ্রমিকরা হাতুড়ি দিয়ে একে একে ভেঙে ফেলে ১১টি অবৈধ স্থাপনা। এগুলোর মধ্যে ছিল- দুটি একতলা দালান, পাকাঘাট দুটি, সেমিপাকা ঘর একটি, জেটি একটি, চারটি দেয়াল। আলমগীর কবির জানান, অবৈধ দখলদারদের তালিকায় একটি মসজিদ থাকায় তা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ ও আমর্ড পুলিশ মোতায়েন ছিল বলে তিনি জানান। গত বছরের ২৫ জুন হাইকোর্ট চারমাসের মধ্যে ঢাকার চারপাশের প্রধান নদীগুলোর সীমানা নির্ধারণে জন্য সরকারকে নির্দেশ দেয়। সীমানা নির্ধারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মুন্সীগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৩ ঘ.