২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

অর্থ আত্মসাতের অভিযোগে নাটোর সদর উপজেলার ব্রম্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম খলিলুর রহমানকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 10:27 AM

Updated : 24 Aug 2022, 07:24 PM

নাটোর, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্থ আত্মসাতের অভিযোগে নাটোর সদর উপজেলার ব্রম্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম খলিলুর রহমানকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। আগেরদিন রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। নাটোর সদর থানা পুলিশ জানায়, ২০০৭ সালে ব্রম্মপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোত্তালেব হোসেন বাদি হয়ে চেয়ারম্যান খলিলুর রহমানের বিরুদ্ধে সদর থানায় মামলাটি করেন। মঙ্গলবার দুপুরে দায়রা জজ আদালতে চেয়ারম্যান খলিলকে হাজির করা হয়। তার আইনজীবী আদালতে জামিনের প্রার্থনা করে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন চেয়ারম্যান খলিলকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, দুর্নীতি দমন আইনে দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়, চেয়ারম্যান পরিষদের ব্যাংক হিসাব থেকে ৪৭ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। তিনি পরিষদের বেশকিছু গাছ বিক্রি করেছেন। গাছ বিক্রির অর্থও পরিষদের তহবিলে জমা দেননি। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। চেয়ারম্যান খলিল আদালতে হাজির না হওয়ায় গত বছর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাতেও তিনি হাজির না হলে আদালত তার বাড়ির অস্থাবর মালামাল ক্রোক করার নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২২ ঘ.