ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিগ-২৯ যুদ্ধবিমান কেনায় দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর মঙ্গলবার রায় দেবে হাইকোর্ট।
সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে রায়ের এ তারিখ নির্ধারণ করেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় আটটি মিগ-২৯ যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে মামলা করে।
মামলায় আসামিদের পদক্ষেপে রাষ্ট্রের ১২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ক্ষতির অভিযোগ আনা হয়।
এ মামলায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩৬ ঘ.
bdnews24