রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ১৬টি কক্ষ থেকে আবারো হাতে তৈরি একটি বোমা, ছাত্রলীগ কর্মীদের তালিকা ও প্রায় এক হাজার জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
এ সব কক্ষ ছাত্রশিবিরের নেতাকর্মীদের বলে হল প্রশাসন জানিয়েছে।
গত ৮ ফেব্র"য়ারি রাতে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে শাহ মখদুম হলের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কয়েক দফা তল্লাশি করে হাতে তৈরি বোমা, জিহাদী বই, ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা, দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রক্টরিয়াল বডি, হল ও পুলিশ প্রশাসন যৌথভাবে লতিফ হলে তল্লাশি চালায় বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ ড. মজিবুল হক আজাদ খান।
তিনি সাংবাদিকদের বলেন, হল শাখা শিবিরের সভাপতি হাসমত আলী লিটনের কক্ষ থেকে একটি বোমা, হলে অবস্থানকারী নয় ছাত্রলীগ নেতাকর্মীর তালিকা, একটি স্টিলের আলমারী, শতাধিক জিহাদি ও ইসলামী বই, সংগঠনের ব্যবহৃত ৫৪টি রেজিস্ট্রার খাতা, চাঁদা আদায়ের রশিদ এবং শিবিরের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কাগজপত্রের মধ্যে স্থানীয় পুলিশ, বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের তালিকা পাওয়া যায়।
এছাড়া ১২৬, ১২৭, ১৩৫, ১৪৮, ১৫৬, ১৫৮, ২০৫, ২১০, ২২০, ২২১, ২৪২, ৩১৮, ৩২৬, ৩৩৬, ৩৪৯ নম্বর কক্ষ থেকে ৭/৮শ' জিহাদী বই, ১৪টি লোহার রড ও পাইপ, কিছু লাঠিসোটা, লোহার ছোট বল ও গুলতি উদ্ধার করা হয়।
প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, হল ও পুলিশ প্রশাসন উদ্ধারকৃত জিনিসপত্রগুলোর তালিকা তৈরি শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে।
মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান বলেন, বোমাটি পানিতে চুবিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়নি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০২৯ ঘ.
bdnews24