ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সোমবার মীর্জপুর গ্রামের একটি খালের সেতুর নিচে থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে।
নিহতরে দুহাত পেছনে এবং চোখ-মুখ বাঁধা ছিল। তার মাথার ডান দিকে ক্ষতের চিহ্নও রয়েছে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুপুরে মীর্জাপুর গ্রামের একটি খালের সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি নীলোৎপল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, "প্রথমে লাশটির মাথা ভেসে উঠে। মাথার আঘাতের চিহ্নটি গুলির বলে ধারণা করা হচ্ছে।"
একই থানার কনস্টেবল কিবরিয়া হোসেন জানান, তিনদিন আগে কর্তব্য পালনকালে সেতুটির ওপর রক্ত দেখা যায়। তখন আশপাশে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সেতুর ওপর গুলি করে হত্যার পর তাকে নিচে ফেলে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এজে/২০১০ ঘ.
bdnews24