ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও ফরিদপুরে সোমবার পৃথক কয়েকটি সড়ক দুর্ঘটনায় তিন স্কুল শিক্ষার্থীসহ ছয়জন মারা গেছে।
এর মধ্যে ঝিনাইদহে বাস চাপায় দুই ছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা ৮-১০টি গাড়ি ভাংচুর করে।
মাগুরা মাইক্রোবাস চাপায় মারা গেছে এক ছাত্রী। কুষ্টিয়ায় ট্রাক চাপায় মারা গেছে এক শিশু।
ফরিদপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাগুরা প্রতিনিধি জানান, সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদায় সকালে মাইক্রোবাস চাপায় মারা গেছে লাবণী (৭)। সে ইছাখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
লাবণী ইছাখাদা গ্রামের লিটন হোসেনের মেয়ে।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নিলুফার ইয়াসমিন সাংবাদিকদের জানান, সোমবার সকাল ৮টার দিকে লাবণী স্কুলে যাওয়ার জন্য ইছাখাদা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান লাবণী মারা গেছে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, সকাল ৯টায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের হামদো এলাকার আল হেরা ইসলামিক ইনস্টিটিউটের সামনে কুষ্টিয়াগামী এম কে পরিবহনের একটি বাসের চাপায় নিহত হয়েছে খালেদুর রহমান ওরফে প্রান্ত (১৪) ও মাকসুদুর রহমান (১৩)।
প্রান্ত ও মাকসুদ আল হেরা স্কুলের অষ্টম ও সপ্তম শ্রেণীর ছাত্র ছিলো। তাদের দুজনেরই বাসা শহরের হামদো এলাকায়।
দুর্ঘটনার পর সকাল সোয়া ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে স্কুলের ছাত্র ও স্থানীয়রা। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ৮-১০টি গাড়ি ভাংচুর করে।
অবরোধের কারণে সড়কের উভয় পাশে কয়েক'শ গাড়ি আটকা পড়ে। প্রায় তিন ঘণ্টা পরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি মতিয়ার রহমান জানান, প্রান্ত ও মাকসুদ বাইসাইকেল থেকে নেমে স্কুলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলার সময় দ্রুতগামী বাসটি আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রান্ত মারা যায়। গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যায় মাকসুদ।
পুলিশ বাসটি আটক করলেও বাসের চালক পালিয়ে যায়। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলে জানান পুলিশ কর্মকর্তা মতিয়ার।
ফরিদপুর প্রতিনিধি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদে সকাল সাড়ে ৭টার দিকে ট্রাক চাপায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
নিহতরা হলেন- জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের এনায়েত খান (২৫) ও একই উপজেলার পোড়াদিয়া-বালিয়া গ্রামের আমিনুল ইসলাম ওরফে হিরু মিয়া (৪৫)।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর সাংবাদিকদের জানান, ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন।
নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া-পাবনা মহাসড়কের দশমাইল নামক স্থানে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে মলেনা খাতুন (৫)। সে ওই এলাকার মনছের প্রামাণিকের মেয়ে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই হুমায়ুন কবির জানান, দুপুর ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি মলেনাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যায় সে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮৪৭ ঘ.
bdnews24