ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১৭টি জেলায় সোমবার একযোগে হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এতথ্য জানান।
ছহুল হোসাইন বলেন, "ঢাকা সিটি করপোরেশন ও ভোলা জেলা বাদে দেশের ৬৩ জেলায় হালনাগাদ ভোটার তালিকা তিন ধাপে প্রকাশ করা হবে। ৮ মার্চ ১৭টি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া ১৫ মার্চ ২০টি জেলা এবং ২২ মার্চে ২৬টি জেলার খসড়া তালিকা প্রকাশ করা হবে।"
বাদ পড়া ভোটাররা খসড়া প্রকাশের ১৫ দিনের মধ্যে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন বলেও জানান তিনি।
খসড়া তালিকার উপর দাবি, আপত্তি ও সংশোধনী শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
নির্বাচন কমিশনার জানান, সারাদেশে হালনাগাদ তালিকায় আগের চেয়ে ৩৬ লাখ ৮৯ হাজারেরও বেশি ভোটার তালিকাভুক্ত হয়েছেন।
নবম সংসদের সময় প্রথমবারের মতো ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন ভোটার ছবিসহ তালিকাভুক্ত হন।
সোমবার প্রথম পর্যায়ে খসড়া তালিকা প্রকাশের তালিকায় বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নোয়াখালী, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার, (মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা) এবং চট্টগ্রাম জেলা রয়েছে।
এসব জেলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৫ই এপ্রিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএনএ/১৬৫৬ ঘ.
bdnews24