বান্দরবান, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১১টি আদিবাসী জনগোষ্ঠি ও বাঙালিদের বৈচিত্র্যময় জীবন ও সংস্কৃতিকে তুলে ধরতে বান্দরবানে পাঁচদিনের পার্বত্য লোক সংস্কৃতি উৎসব শুরু হবে আগামী ২৩ মার্চ।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)'র আর্থিক সহায়তায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বোমাং রাজার মাঠে 'পার্বত্য লোক সংস্কৃতি উৎসব-২০১০' এর আয়োজন করেছে।
পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও উৎসব পরিচালনা কমিটির আহ্বায়ক ক্যশৈহ্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উৎসব উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বীর বাহাদুর।
জেলা পরিষদ চেয়ারম্যান জানান, অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হবে শহরের বোমাং রাজার মাঠ। ইতোমধ্যেই এই মাঠকে পরিকল্পিতভাবে সাজানো শুরু হয়ে গেছে। এ মেলায় স্থানীয়ভাবে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল থাকবে।
পার্বত্য লোক সংস্কৃতি উৎসব প্রথমে ১৯-২৩ মার্চ হওয়ার কথা থাকলেও পরে কর্তৃপক্ষ তারিখ পিছিয়ে ২৩-২৭ মার্চ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০২১ ঘ.
bdnews24