২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় উপজেলা চেয়ারম্যান বোমায় আহত

খুলনার ফুলতলা উপজেলা চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠুসহ (৩৮) তিনজন বোমা হামলায় আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 07:46 PM

Updated : 24 Aug 2022, 07:17 PM

খুলনা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ফুলতলা উপজেলা চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠুসহ (৩৮) তিনজন বোমা হামলায় আহত হয়েছেন। শনিবার বিকালে নগরীর বাদামতলা এলাকায় পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে এই হামলা হয়। এ সময় স্থানীয় লোকজন ও ট্রেনিং সেন্টারের পুলিশ সদস্যরা অস্ত্রসহ একজনকে আটক করেছে। এ ঘটনায় বিএনপি বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। আহত সরদার আলাউদ্দিন মিঠু, তার গাড়ি চালক শামীম (৩০) ও যুবদলকর্মী সিরাজকে (৪০) ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খানজাহান আলী থানার ওসি শাহাবুদ্দিন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর জিয়া হলে বিএনপির তৃণমূল প্রতিনিধি সভায় যোগদান শেষে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মিঠু তার জিপে ফুলতলায় বাড়ি ফিরছিলেন। বিকাল ৪টার দিকে গাড়ি বাদামতলা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা গাড়ির সামনে প্রথমে বোমা নিক্ষেপ করে। পরে ৩/৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। ওই অবস্থায় চালক দ্রুত গাড়ি চালিয়ে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান। এদিকে গুলি ও বোমার শব্দে স্থানীয় লোকজন ও পুলিশ ট্রেনিং সেন্টারের সদস্যরা বের হয়ে ধাওয়া করে মোহাম্মদ আলম (৩৮) নামে একজনকে আটক করে নগরীর খানজাহান আলী থানায় হস্তান্তর করা করে। তার কাছ থেকে একটি বিদেশি কাটা বন্দুক, এক রাউন্ড গুলি এবং ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। আলম রূপসা উপজেলার আইচগাতি গ্রামের বরকত আলীর ছেলে। খুলনা মহানগর বিএনপির মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক কনক রহমান জানান, মিঠুর ওপর বোমা হামলার খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে ফুলতলা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করে। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে খুলনা-যশোর মহাসড়ক একঘণ্টা অবরোধ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৪০ ঘ.