মুন্সীগঞ্জ, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাবার নিয়ে গণ্ডগোলে মুন্সীগঞ্জে একটি বিয়ে পণ্ড হয়েছে গেছে। বর ও কনে পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২৫ জন।
টঙ্গীবাড়ি উপজেলার স্বর্ণ গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে টঙ্গীবাড়ি থানার ওসি মো. আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সংঘর্ষে বর শাহ আলম আহত হলেও কনে অক্ষত রয়েছেন।
জেলা শহরের জগধাত্রী পাড়ার শাহ আলমের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিলো স্বর্ণা গ্রামের সুরাইয়া আক্তারের। শুক্রবার রাতে কনের বাড়িতে ছিলো অনুষ্ঠান।
ওসি বলেন, খাবার দিতে দেরি হওয়ায় বরপক্ষের সঙ্গে কনে পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। কনেপক্ষের লোকজন লাঠি নিয়ে বরপক্ষের লোকজনকে পেটালে ২৫ জন আহত হয়। পরে বিয়ে না করেই একশ বরযাত্রী নিয়ে বাড়ি ফিরে যায় শাহ আলম।
আহতদের মধ্যে বরের বাবা নাসিরউদ্দিন শেখ (৬০), বড় ভাই জাহাঙ্গীর (৩০), জনি (২২), সোহেল (২৮), উজ্জ্বল (২৫), শাকিল (২৩), মনির (২০) ও বৃষ্টিকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২১ ঘ.
bdnews24