কুড়িগ্রাম, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকারের নেওয়া 'ন্যাশনাল সার্ভিস' কর্মসূচির উদ্বোধন করতে শনিবার কুড়িগ্রাম আসছেন।
কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে দুপুর ২টায় প্রধানমন্ত্রী এই সার্ভিস উদ্বোধন করবেন। পরে সমাবেশে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর কুড়িগ্রাম আসা উপলক্ষে জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তোরণ, পোস্টার, ফেস্টুন, ব্যানারসহ নানা সাজে সাজানো হয়েছে জেলা শহর।
তার আগমন উপলক্ষে শুক্রবার দিনভর শহরে আনন্দ মিছিল ও সমাবেশ হয়।
কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে তৈরি করা হয়েছে বিশাল আকারের নৌকা। এই নৌকায় বিশেষভাবে তৈরি করা হয়েছে সমাবেশের মঞ্চ।
কুড়িগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফারুক হোসেন বলেন, সরকারের ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে যারা মাধ্যমিক পাশ করেছে তাদের অস্থায়ী কর্মসংস্থানে 'ন্যাশনাল সার্ভিস' কর্মসূচি নেওয়ার হয়েছে।
কুড়িগ্রামে এই সার্ভিস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "এই কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় ৩২ হাজার ৫৫৪ জনের কর্মসংস্থানের সুযোগ হবে। এর মধ্যে চলতি অর্থবছরে নয় হাজার ৯৫০ জনের কর্মসংস্থান হবে।
"দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা, কম্পিউটার শিক্ষা, আত্মকর্মসংস্থান, বিভিন্ন সেবাখাত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা ও শারীরিক শিক্ষা, কৃষি-বন ও পরিবেশ, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলাসহ ১০টি ক্ষেত্রে তিনমাস প্রশিক্ষণ শেষে তারা কাজে যোগ দেবেন।"
অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন উপস্থিত থাকার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৮ ঘ.
bdnews24