২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের ৬ নেতা-কর্মী কারাগারে

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে আটক করা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীসহ সংগঠনের ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 02:35 PM

Updated : 24 Aug 2022, 07:16 PM

কক্সবাজার, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে আটক করা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীসহ সংগঠনের ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সন্দেহজনক ধারায় (৫৪ ধারা) গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাদের কক্সবাজার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হয়। হাকিম তেহসিন ইফতেখার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি খালেদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে শিবিরের এই ছয় নেতাকর্মীকে সেন্টমার্টিন থেকে আটক করে টেকনাফ আটক করা হয়। শিবিরের কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক সাঈদী ছাড়া বাকি পাঁচজন হলেন- সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ শাখার সভাপতি মিজানুর রহমান, কর্মী লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকার মোহাম্মদ রায়হান, নওগাঁর সানাউল্লাহ, রাজশাহীর আশরাফুল ইসলাম ও কক্সবাজারের শাজাহান। ওসি জানান, আটক শিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে কক্সবাজারের কোনো থানায় মামলা ও অভিযোগ না থাকায় তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নূরে আলম মিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটককৃতদের মধ্যে শাজাহানের বিরুদ্ধে কোনো মামলা নেই। মিজানুর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামে কমপক্ষে তিনটি মামলা আছে। সাঈদীসহ বাকি চারজনের বিরুদ্ধে রাজশাহীতে একাধিক মামলা রয়েছে। তিনি জানান, রাজশাহী ও চট্টগ্রাম মহানগর পুলিশ মামলার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩২ ঘ.